‘আমরা একটি পরিবারের মতো ছিলাম। তাঁদের মৃত্যু আমাদের খুব আঘাত করেছে। অনেকেই খুব দুঃখ ভারাক্রান্ত। আমরা পরস্পরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি।’ কথাগুলো যুক্তরাষ্ট্রের ইমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেরেইশা হ্যারেলের। ঢাকার গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেন ও অবিন্তা কবীর ছিলেন হ্যারেলের সহপাঠী।
শুক্রবারের ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে আরও ছিলেন সাত জাপানি ও নয় ইতালীয় নাগরিক। হামলার সময় কিছু দূরে ইতালীয় দূতাবাসে বসে খাবার খাচ্ছিলেন দেশটির রাষ্ট্রদূত। তাঁর সঙ্গে ছিলেন অগনিজ বারোলো নামে একজন। বারোলোর বান্ধবী ক্লাউদিয়া দান্তোনাও হামলায় নিহত হন। ইতালীয় সংবাদপত্র কোরেয়ার বলেছে, গত বছর ঢাকায় ইতালির দূতাবাসে জাঁকজমকের সঙ্গে বিয়ে করেন বচেত্তি ও দান্তোনা। দান্তোনা তৈরি পোশাক ও বুনন কারখানায় কাজ করতেন। বাংলাদেশের পোশাক কারখানায় কাজ করতেন সিমোনা মন্তি, মারিয়া রিবোলি, মার্কো তোন্দাৎ ও ক্রিস্তিয়ান রসিও। তাঁরাও ওই দিন নিহত হন।
এদিকে হামলায় নিহত হন সাত জাপানি নাগরিক। এঁদের একজন মাকোতো ওকামুরা। তাঁর বাবা কোমাকিচি ওকামুরা জাপানের গণমাধ্যমকে রোববার বলেন, বাবা হিসেবে তাঁর জন্য ৩২ বছর বয়সী ছেলের মৃত্যুর ঘটনা মেনে নেওয়া অসহনীয়। ছেলের সঙ্গে ফোনে শেষ কথোপকথন স্মরণ করে বলছিলেন, ‘সে বলেছিল, “আমি এখন চলে যাচ্ছি”। আমি বলেছিলাম, সাবধানে থেকো। এটাই ছিল ওর সঙ্গে শেষ কথা।’
নিহত জাপানিদের প্রতি শোক জানিয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা বলেন, ‘হামলাকারীদের প্রতি ধিক্কার জানাই। কেননা তারা যাঁদের মেরে ফেলল, তাঁরা বাংলাদেশের উন্নয়নের জন্য কঠিন পরিশ্রম করছিলেন।’