আমরা পাঁচ বছরের জন্যই: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

নবগঠিত সরকারের স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সংবিধান অনুযায়ী এই নবগঠিত সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে। আজ রোববার বিকেলে বঙ্গভবনে মন্ত্রিসভার শপথগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন সৈয়দ আশরাফ।

সৈয়দ আশরাফ বলেন, ‘অবশ্যই আমরা সরকারের পাঁচ বছর মেয়াদ পূর্ণ করব। আপনারা সংবিধান দেখেন, তাহলে সেখানে এ বিষয়টি দেখতে পাবেন।’

নির্বাচন নিয়ে বিদেশিদের সমালোচনা প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা কি নির্বাচন নিয়ে তাদের মতামত জানতে চেয়েছি? বাংলাদেশের মানুষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বিদেশিরা আমাদেরকে এ ব্যাপারে ভয়-ভীতি দেখিয়ে সফল হতে পারেনি।’

নতুন মন্ত্রিসভায় প্রভাবশালীদের অনেকের স্থান না পাওয়া প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, ‘গত সরকারে যাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি প্রধানমন্ত্রী তাঁদের এই মন্ত্রিসভা থেকে অব্যাহতি দিয়েছেন।’


বিএনপির সঙ্গে সংলাপের ব্যাপারে মন্ত্রী বলেন, ‘যখন সবাই মিলে একটি ঐকমত্যে পৌঁছানো যাবে, তখনই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু তাদের (বিএনপি) অবশ্যই জামায়াত ও জঙ্গিদের সঙ্গ ত্যাগ করতে হবে। এ ছাড়া তাদের অবশ্যই ধ্বংসাত্মক রাজনীতির পথ পরিহার করতে হবে।’ ইউএনবি