বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি গতকাল মঙ্গলবার একাডেমিক ও গবেষণা কার্যক্রমের ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধের ওপর ঢাকায় গেরিলা যুদ্ধ ১৯৭১ শীর্ষক একটি বিশেষ ও ব্যতিক্রমধর্মী গ্রন্থ প্রকাশ করেছে।
সোসাইটির মিলনায়তনে বইটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, রাষ্ট্রীয় চার মূলনীতির যথাযথ বাস্তবায়ন হলেই মুক্তিযোদ্ধাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন সম্ভব হবে। তিনি দুঃখ করে বলেন, ‘চারপাশে যা ঘটছে, তাতে আমরা মর্মাহত। আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। ধর্মকে ব্যবহার করে মানুষ হত্যা করা হচ্ছে।’
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘ব্লগারদের হত্যা করা হচ্ছে, তারা নাস্তিক অভিযোগ করে। কিন্তু ভিক্ষু, ধর্মযাজক আস্তিক হলেও তাঁদের হত্যা করা হচ্ছে। আবার মুসলমান পীরদেরও হত্যা করা হচ্ছে। এমন বাংলাদেশ ভাবতে পারি না। এসব নীরবে সহ্য করা যায় না।’
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘মুক্তিযুদ্ধ একটি বিশাল ক্যানভাস। কত শিল্পী যে এই ক্যানভাসে ছবি এঁকেছেন, তা বলা মুশকিল।’ তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের এখনো বিচার হচ্ছে। আর আমাদের দেশের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিতর্ক করার চেষ্টা হচ্ছে, যা দুঃখজনক।’
অনুষ্ঠানে ঢাকার গেরিলাযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন ইউসুফ, হাবিবুল আলম, মোজাম্মেল হক, সৈয়দ মাহবুব আলী, মাসুদ সাদেক, গাজী গোলাম দস্তগীর, আলী আহমেদ জিয়াউদ্দিন, নজরুল ইসলাম ও শফিকুল ইসলাম। গেরিলাযোদ্ধারা অনুষ্ঠানে তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এখনই উপযুক্ত সময়। এশিয়াটিক সোসাইটি জাতীয় ইতিহাস সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে গেরিলাযোদ্ধা ও অতিথিদের
ফুলেল শুভেচ্ছা ও বই উপহার দেওয়া হয়।
এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ, অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন ও অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।