আমরা প্রতিশোধ নেব না, প্রতিহত করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘পুলিশ, র‌্যাব, বিজিবি দিয়ে নেতা-কর্মীদের রক্ষা করা যাবে না। জনগণের পাশে থাকতে হবে। কেউ আমাদের আক্রমণ করলে আমরা প্রতিশোধ নেব না। আমরা প্রতিহত করব।’
তিনি গতকাল শুক্রবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে গত ১৪ ডিসেম্বর জামায়াত-শিবিরের হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সরকারি দপ্তরগুলো পরিদর্শন শেষে বসুরহাট রুপালী চত্বরে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের তিনটি বিষয়ের সঙ্গে যুদ্ধ করতে হবে, তা হলো: দারিদ্র্য, দুর্নীতি ও জঙ্গিবাদ। এই তিনটির সঙ্গে আমরা কখনো আপস করতে পারি না এবং করবও না।’
মন্ত্রী আরও বলেন, ‘একটি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিব যদি দুর্নীতি না করেন, তাহলে ৭০ শতাংশ দুর্নীতি কমে যাবে। আমি প্রতিহিংসার রাজনীতি করি না। তোরণ ও সংবর্ধনার কাঙাল আমি নই। আমি মানুষের ভালোবাসার কাঙাল।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন নোয়াখালী-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এইচ এম খায়রুল আলম সেলিম চৌধুরী, বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নুর নবী চৌধুরী প্রমুখ।