আমরা প্রস্তুত হয়েই থাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজরীন ফ্যাশনসে আগুন ছবি: হাসান রাজা
তাজরীন ফ্যাশনসে আগুন ছবি: হাসান রাজা

পোশাক কারখানায় আগুন লাগার সংবাদ পেলেই সংবাদকর্মী হিসেবে প্রথম প্রতিক্রিয়াটি হয় এ রকম: ‘আবার?’
গত কয়েক মাসে আমাদের এই কথাটা বারবার বলতে হয়েছে। বারবার আগুন লেগেছে, ভবন ধসে পড়েছে, পোশাকশ্রমিকদের নির্মম ও বীভৎস মৃত্যু ঘটেছে। তাজরীন ফ্যাশনসের কারাখানাটি ছিল আশুলিয়ার নিশ্চিন্তপুরে। কিন্তু নিশ্চিন্তে কাজ করতে পারেননি কারখানাটির পোশাকশ্রমিকেরা। ২৪ নভেম্বর আগুন লেগে মারা যান ১১২ জন শ্রমিক। তাজরীনে আগুন লেগেছিল রাতে। সারা রাত আগুন জ্বলে। পরের দিন জানা যায় নিহত শ্রমিকের প্রকৃত সংখ্যা। আমরা লিখেছিলাম, ‘দুর্ঘটনা না হত্যাযজ্ঞ?’ আমরা বলেছিলাম, ‘নতুন আশঙ্কায় পোশাক খাত।’ সাধারণত বড় কোনো দুর্ঘটনার পর আশঙ্কার মধ্যে বেশি থাকেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা। সে সময়ে তাঁরা তাঁদের অহংকারী মুখ আর উদ্ধত আচরণ লুকিয়ে রাখেন। তবে তাঁরা মানতে চান না মালিকদের অবহেলার কথা। এ কারণে হত্যাযজ্ঞ কথাটি পছন্দ করেননি তাঁরা। অথচ পরে সরকারি তদন্ত কমিটিই বলেছিল, মালিকের অবহেলার কারণেই এত শ্রমিকের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিবেদকেরা আগেই লিখেছিলেন মালিকের এই অবহেলার কথা।
সেবার অবশ্য জিতে যায় বিজিএমইএ। তারা সাফল্যের সঙ্গে রক্ষা করে তাজরীনের মালিক দেলোয়ার হোসেনকে। সেই দেলোয়ার এখনো যে কেবল ঘুরে বেড়াচ্ছেন তা-ই নয়; নতুন নতুন কাণ্ডও করছেন। গত ঈদের আগে রাতের আঁধারে তাঁরই মালিকানাধীন আরেকটি পোশাক কারখানার যন্ত্রপাতি সরিয়ে নিয়ে যান। এ ঘটনায় ১৭ ঘণ্টা তাঁকে অবরুদ্ধ করে রেখেছিলেন শ্রমিকেরা।

পোশাক মালিকদের সঙ্গে গণমাধ্যমের একটা শীতল সম্পর্ক সব সময়ই ছিল। বড় কোনো দুর্ঘটনার পর সেটি আরও ভালোভাবে টের পাওয়া যায়। মালিকেরা মনে করেন, কম কম লেখা ভালো, বেশি লেখা হলে পোশাক খাতের ক্ষতি, দেশের ক্ষতি। আর আমরা মনে করি, প্রকৃত পরিস্থিতি তুলে ধরলে সবাই সচেতন হবেন, তাতে দুর্ঘটনা হয়তো এড়ানো যাবে।

তাজরীনে অগ্নিকাণ্ডের ঠিক পাঁচ মাস পর ঘটে বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা। ২৪ এপ্রিল ধসে পড়ে সাভারের রানা প্লাজা। পোশাক কারখানায় অগ্নিকাণ্ড বা ভবনধসের ঘটনা এটাই প্রথম ছিল না। তবে এবার তীব্র প্রতিক্রিয়া দেখায় সারা বিশ্ব। বাংলাদেশের পোশাক সবচেয়ে বেশি যায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) পায় না, ইউরোপে পায়। তবে আগে থেকেই যুক্তরাষ্ট্রে অন্য পণ্যের ক্ষেত্রে জিএসপি-সুবিধা বাতিলের হুমকি ছিল। রানা প্লাজা ধসের ঘটনায় জিএসপি স্থগিত করতে খুব বেশি দেরি করেনি তারা। সংকট এখানেই শেষ হয়নি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিয়েও নানা শঙ্কা দেখা দেয়। আবার বাংলাদেশ থেকে পোশাক কেনা কোম্পানিগুলোর ওপর চাপ আসা শুরু হয় খুচরা ক্রেতাদের কাছ থেকেই। বলা হয়, বাংলাদেশ থেকে কেনা পোশাকে শ্রমিকের রক্ত লেগে আছে। আর সেই পোশাক কিনতে রাজি নন ক্রেতারা।

এর পরই ভিন্ন এক উদ্যোগ নেওয়া হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ইউরোপ ও উত্তর আমেরিকার ক্রেতারা আলাদা দুটি জোট গঠন করে। তৈরি হয় অ্যাকর্ড ও অ্যালায়েন্স। পোশাক কারখানাগুলোর মান উন্নয়ন ও পরিদর্শনের জন্য নতুন উদ্যোগও নেওয়া হয়। যদিও সেসব এখনো পরিকল্পনার মধ্যেই রয়েছে।

১৯১১ সালে নিউইয়র্কে একটি পোশাক কারখানায় আগুন লেগে ১৪৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পরে শ্রমিকদের অধিকার-সংক্রান্ত অনেক আইন হয়েছিল। কারখানার নিরাপত্তাব্যবস্থারও পরিবর্তন হয়। তাজরীন ও রানা প্লাজাও বাংলাদেশের পোশাক কারখানাগুলোকে বদলে দেবে, বদলে দেবে পোশাক মালিকদের মানসিকতা—এমনটাই আশা ছিল সবার। কিন্তু তেমনটি ঘটবে না বলেই মনে হচ্ছে। মালিকেরা যদি না বদলান, সরকার যদি সুশাসন না আনে, তাহলে আমাদেরও প্রস্তুত হয়ে থাকতে হবে যেকোনো ঘটনার জন্য। আমরা সংবাদকর্মীরা প্রস্তুত হয়েই আছি, সর্বদা প্রস্তুত হয়েই থাকি।

শওকত হোসেন: বার্তা সম্পাদক