আমরা বাংকারে যেতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলায় বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে আগুন লেগে যায়
ছবি: সংগৃহীত

‘আমরা সবাই জাহাজ থেকে বেরিয়ে বাংকারে যেতে চাই। আমরা অপেক্ষা করছি। আমাদের জন্য টাগবোটের ব্যবস্থা করুন। আমাদের নিতে কেউ আসবে? আমরা অপেক্ষা করছি।’

ফেসবুক মেসেঞ্জারে এভাবে ছোট ছোট বার্তায় প্রথম আলোর মাধ্যমে এমন আকুতি জানিয়েছেন এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের একজন নাবিক। বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটির তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। এরপর আরও আতঙ্ক বেড়ে যায় জাহাজে থাকা ২৮ নাবিকের।  

জাহাজের ওই নাবিক প্রথম আলোকে আরও জানান, হামলায় জাহাজের বেতার যোগাযোগব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এ জন্য অলভিয়া বন্দরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। টাগবোট পাঠানোর ব্যবস্থা করতে হলেও বাইরে থেকে করতে হবে।

আরেকজন নাবিক মেসেঞ্জারে প্রথম আলোকে বলেন, ‘আমরা জাহাজ থেকে নেমে যেতে চাই। কিন্তু বিএসসি আমাদের নামতে দিতে চায় না। আমাদের জীবনের কোনো মূল্যই নেই।’

জাহাজের আরেক নাবিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে কর্মরত মাসুদুর রহমানের ভাই মফিজুল ইসলাম প্রথম আলোকে জানান, হামলার পর বৃহস্পতিবার সকালে তাঁর ভাই জানিয়েছেন, বুধবারের হামলায় জাহাজের রান্নার সরঞ্জাম নষ্ট হয়েছে। এখন তাঁরা শুকনা খাবার খেয়ে আছেন। দ্রুত উদ্ধার না করলে আরও বিপদে পড়তে হবে।

নাবিকদের এ আকুতির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্যিক) পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, নিরাপত্তা নিশ্চিত না করে নাবিকদের জাহাজ থেকে বাইরে নিয়ে আসা বিপজ্জনক। নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নিয়েই নাবিকদের সরিয়ে আনা হবে। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পোলান্ডে বাংলাদেশ দূতাবাস ও সমুদ্র পরিবহন অধিদপ্তরসহ সব সংস্থা কাজ করছে।

বিএসসির কর্মকর্তারা জানান, বাংকারে যেতে হলে প্রথমে সাহায্যকারী জলযানে বন্দর জেটিতে পৌঁছাতে হবে। এরপর বন্দর থেকে বেরিয়ে এসে বাংকারে যেতে হবে। এই পথের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আগে।

বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে যায়
ছবি: ফাইল ছবি

বুধবারের হামলার পর এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে আগুন ধরে যায়। শুরুতে নাবিকেরা আগুন নেভানোর চেষ্টা করেন। অলভিয়া বন্দর থেকে একটি টাগবোট এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। নাবিকদের চেষ্টায় জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসে। হামলায় জাহাজের ব্রিজ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপে নিথর দেহ পড়ে ছিল হাদিসুর রহমানের।

বাংলাদেশ শিপিং করপোরেশনের এ জাহাজটি তুরস্কের ইরাগলি বন্দর থেকে পণ্য বোঝাই করতে গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়। দুই দিন পর অলভিয়া বন্দরের জলসীমায় নোঙর করে। পরদিন বৃহস্পতিবার ভোরে রাশিয়া ইউক্রেনে হামলা করলে জাহাজটি আটকে যায়। এক সপ্তাহের মাথায় হামলার শিকার হয়।