সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ‘আমরা বিকৃত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন লক্ষ করছি। নির্বাচনে সহিংসতা ও অনিয়মের পাশাপাশি বর্তমানে প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অশনিসংকেত।’
তিনি বলেন, শুধু নির্বাচনের দিনকে বিবেচনায় নিয়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে বললে হবে না। বরং নির্বাচনের আগে-পরে কী ঘটছে, নির্বাচন প্রতিযোগিতামূলক হচ্ছে কি না এবং সবাই প্রার্থী হতে পারছে কি না ইত্যাদি বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সুজন আয়োজিত ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের হালচাল ও করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান। উপস্থিত ছিলেন সুজন জাতীয় কমিটির সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর এবং সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
এম হাফিজউদ্দিন খান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সহিংসতা ও অনিয়মের ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ছাড়া চেয়ারম্যান পদে প্রায় ১৫০ জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটেছে। এর মাধ্যমে খারাপ নির্বাচনের একটি নজির সৃষ্টি হচ্ছে। অথচ নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রথম ধাপ। তাই সুষ্ঠু নির্বাচন আয়োজন করা অতীব গুরুত্বপূর্ণ।
মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘দলভিত্তিক ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে সহিংসতা ও অনিয়মের ঘটনা ঘটছে। তাই ভবিষ্যতে দলভিত্তিক নির্বাচন করা ঠিক হবে কি না, তা নিয়ে গণমাধ্যমে জোরালো আওয়াজ তোলা দরকার। কারণ, আমাদের দলগুলো এখনো দলভিত্তিক নির্বাচনের জন্য উপযুক্ত হয়ে ওঠেনি।’
তিনি বলেন, ‘শুধু আইন ও ক্ষমতা থাকলেই নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নাও হতে পারে। কারণ, কারা কমিশনে কমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন এবং নিয়োগপ্রাপ্তরা সদিচ্ছা ও সাহস নিয়ে কাজ করছেন কি না, সেটাই প্রধান বিবেচ্য বিষয়।’
সুজন নেতারা বলেন, ‘আমাদের নির্বাচনী ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।’
লিখিত বক্তব্যে দিলীপ কুমার সরকার মনোনয়ন প্রদানে নারীদের উপেক্ষা করা সম্পর্কে বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমাদের রাজনৈতিক দলগুলো নারীর রাজনৈতিক ক্ষমতায়নের কথা বলে আসলেও বাস্তবে আমরা উল্টো চিত্রটি দেখতে পাই। প্রথম দুদফায় আওয়ামী লীগ মাত্র ১২ জন এবং বিএনপি মাত্র ৬ জনকে চেয়ারম্যান প্রার্থী করে।’ এবারের নির্বাচনে এ পর্যন্ত ১৪ জন নারীর চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি।