আমরা বিজয়ী জাতি, জঙ্গিবাদের বিরুদ্ধে জয়ী হবই

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমরা বিজয়ী জাতি। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবই।’ তিনি বলেন, জঙ্গিরা মানুষ না, মুসলমানও না। এরা মানুষরূপী শয়তান। এই শয়তানদের বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে।
আজ বুধবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সাম্প্রতিক সন্ত্রাসবাদ ও জঙ্গি হামলার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত যুব সমাবেশে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করা হবেই। আইনের মাধ্যমেই একদিন তাদের শেষ পরিণতির দিকে যেতে হবে। শেখ হাসিনার পদভারে জঙ্গিবাদ নিশ্চিহ্ন হবে, নিষ্পেষিত হবে। শেখ হাসিনার মাত্র দুটি পা নয়, ১৬ কোটি শান্তিকামী মানুষের পায়ের শক্তি এখন শেখ হাসিনার পায়ে, এটা তাদের বুঝতে হবে।’
মতিয়া বলেন, ‘আজকের আহ্বান রুখে দাঁড়াও বাংলাদেশ। আমি অন্তরের অন্তস্তল, হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করি—শেখ হাসিনার এই আহ্বান বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরের আহ্বান। যদি তাই না হতো, তাহলে দেখেন, যারা (জঙ্গিরা) গুলশানে ও শোলাকিয়ায় মারা গেছে, তাদের নিকটজন তাদের লাশ আনতে যায়নি। মর্গে পড়ে থাকে ওই লাশ। লজ্জা, ঘৃণা এবং ধিক্কার জানায় ওই সন্তানদের। তাদের মায়েরা ছেলের জন্য চোখের পানি ফেলতে পারেন না লোকলজ্জার ভয়ে, ঘৃণার ভয়ে, জনরোষের ভয়ে। এর চেয়ে জঘন্য জীবন আর কি হতে পারে? ধিক! সেই সন্তান। ধিক! সেই জঙ্গিকে—যার মা তাদের জন্য একটু কাঁদতেও পারেন না।’
সিঙ্গাপুরের আদালতে চার বাংলাদেশিকে জঙ্গি অর্থায়নের দায়ে শাস্তি দেওয়ার কথা উল্লেখ করে মতিয়া বলেন, ‘গ্রামগঞ্জে একটা কথা আছে, এক হাঁসে নষ্ট করে সাত পুকুরের পানি। এই কয়েকজন দুষ্কর্ম করে। আর বিদেশে বাঙালিদের চাকরির বাজার সংকুচিত হয়ে যায়। আর আমাদের দিকে অঙ্গুলিনির্দেশ করা হয়।’ পাড়া-মহল্লায় সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড যারা করে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার জন্য যুবলীগের নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে যুব সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম।