আগামীর বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার জন্য নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিশু-কিশোর ও তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমাদের শিশুদের একটা কথা সব সময় মনে রাখতে হবে—আমরা বিজয়ী জাতি। আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি। সুতরাং আমরা উন্নয়নের কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকতে পারি না।’
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই তো একদিন দেশ পরিচালনা করবে। আমাদের মতো মন্ত্রী-প্রধানমন্ত্রী হবে। সে জন্য নিজেদের এখন থেকেই তৈরি করতে হবে।’
২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট সম্পর্কে বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমাদের স্বাধীনতা এক দিনে আসেনি। এ জন্য জাতির জনক বঙ্গবন্ধুকে ২৩ বছরের সংগ্রাম-নির্যাতন, জেল-জুলুম সহ্য করতে হয়েছে।’ তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ৪৫তম বছরে পা দিয়েছি আমরা। কোনো দিক থেকে পিছিয়ে থাকবে না আমাদের দেশ। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে আমরা এগিয়ে যাব।’
এর আগে প্রধানমন্ত্রী সকাল ৮টা ৫ মিনিটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এ সমাবেশের উদ্বোধন করেন। তিনি স্টেডিয়ামে এসে শুরুতেই টাইগার ক্যারাভ্যানে প্রবেশ করেন এবং সেটা ঘুরে দেখেন। এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে হেঁটে সমাবেশস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো. সালাউদ্দিন অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা
দলের নেতা-কর্মীদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাহারা খাতুন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জ্বল হোসনে চৌধুরী মায়া বীর বিক্রম, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ দলের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর অভিনন্দন: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছার নিদর্শন হিসেবে তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে ফুল-ফল ও মিষ্টি পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস)-১ জাহাঙ্গীর আলম, এপিএস-২ সাইফুজ্জামান শিখর ও প্রটোকল অফিসার খুরশীদ আলম সকালে রাজধানীর মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে এসব উপহার তুলে দেন।
স্মারক ডাকটিকিট অবমুক্ত: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষেÿগতকাল একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি ডেটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে ১০ টাকা মূল্যের একটি ডাকটিকিট ও একটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যের একটি ডেটা কার্ড অবমুক্ত করেন তিনি।