আমরা বেওয়ারিশ ইন্ডাস্ট্রির বেওয়ারিশ মানুষ : কাঞ্চন

চলচ্চিত্রশিল্প এবং এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের কোনো প্রকৃত অভিভাবক নেই বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৮ নম্বর ফ্লোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে পাইরেসির অভিযোগে মোট নয়জনকে গ্রেপ্তার করার কথা জানায় র্যাব। গতকাল বুধবার রাতে পেট্রোবাংলার সামনে থেকে এদের গ্রেপ্তার করে র্যাব-২–এর একটি দল। এ ছাড়া বিপুল পরিমাণ পাইরেটেড ও অশ্লীল সিডি এবং সিডি তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ছাড়াও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমরা বেওয়ারিশ ইন্ডাস্ট্রির বেওয়ারিশ মানুষ। আমাদের প্রকৃত কোনো অভিভাবক নেই। চলচ্চিত্র অঙ্গনের অনেক অনিয়ম দূর করতে হবে। এ অঙ্গনের অনেকে পাইরেসির সঙ্গে যুক্ত। প্রেক্ষাগৃহগুলো ডিজিটাল করার কথা ছিল, হয়নি। কোনো আর্কাইভসের ব্যবস্থাও নেই।’
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত তথ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর দেশের শিল্পীদের নিয়ে এ দেশে আসেন। মাননীয় মন্ত্রী, আমাদের কজনকে নিয়ে গেছেন?’
দেশের চলচ্চিত্র অঙ্গন ‘মৃতপ্রায়’ অবস্থায় চলে এসেছে বলে মন্তব্য করেন চিত্রনায়ক মাসুদ পারভেজ (সোহেল রানা)। তিনি বলেন, প্রেক্ষাগৃহের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হচ্ছে। প্রেক্ষাগৃহগুলোকে ডিজিটাল করার কথা। কিন্তু এখন ছবি প্রদর্শনের ক্ষেত্রে প্রেক্ষাগৃহগুলোতে ডিজিটাল মেশিন চালানোর জন্য ভাড়া গুনতে হয় প্রযোজককে। ফলে ছবি তৈরি করে লাভবান হচ্ছেন না প্রযোজকেরা।
ভারতে বাংলাদেশের চ্যানেল ঢুকতে দেওয়া হয় না বলে অভিযোগ করে মাসুদ পারভেজ বলেন, ‘ভুতু বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত। কিন্তু ১০-১৫ বছর ধরে অভিনয় করেও শাকিব খানকে চেনে না ভারতের মানুষ।’
চিত্রনায়ক ফারুক বলেন, ‘মন্ত্রীকে দোষ দিয়ে লাভ নেই। অভিভাবক আছেন, কিন্তু শিল্পীরা নেই। চলচ্চিত্রশিল্পের জন্য প্রকৃত নীতিমালা প্রয়োজন।’ এ সময় অনুদানের টাকায় চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে অনুদানের পরিমাণ আরও বাড়ানোর দাবি জানান তিনি।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহ্ আলম কিরণ বলেন, চলচ্চিত্রেও জঙ্গি আছে। যারা পাইরেসি করে, তারা চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের জঙ্গি। এদের প্রতিরোধ করতে র্যাবকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সমিতির নেতারা পাইরেসি বন্ধে বিএফডিসিতে সেন্ট্রাল সার্ভার সিস্টেম ও ই-টিকেটিং ব্যবস্থা প্রবর্তনের দাবি জানান।
চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিদের নানা অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশ এখন বিচারহীনতা থেকে আইনের শাসনের দিকে যাচ্ছে। সরকার জঙ্গি দমন করছে, পদ্মা সেতু তৈরি করছে, আবার ছবি-গান চুরিও বন্ধ করছে। শেখ হাসিনার হাত ধরে চলচ্চিত্রের পুনরুজ্জীবিত হচ্ছে—এটি স্বীকার করতে হবে। আগারগাঁওয়ে আধুনিক আর্কাইভস হচ্ছে। চলচ্চিত্রের জনবল তৈরিরও কাজ চলছে। তবে সবকিছু হতে সময় লাগবে বলে জানান তিনি।
বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার দে বলেন, সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে ছবি মুক্তির প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়েছে। তবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে। প্রেক্ষাগৃহগুলোর ব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পাইরেসি ঠেকাতে চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে আরও সহযোগিতা প্রয়োজন।
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, অডিও-ভিডিও পাইরেসি বন্ধে র্যাব কাজ করে যাচ্ছে। অবৈধ চ্যানেল তৈরি করে এখন পাইরেসি করা হচ্ছে। এসব প্রতিরোধে আগামী দিনেও র্যাব তৎপর থাকবে।