আমরা ব্যর্থ হয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

পাঁচ বছর পর অর্থমন্ত্রী স্বীকার করলেন, রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রথম আলোর কাছে বললেন, ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে দলীয় বিবেচনায় লোক নিয়োগ করা ঠিক হয়নি। তাঁর ভাষায়, ‘উই আর টোটালি ফেইলড’ (আমরা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছি)।
রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে রাজনৈতিক বিবেচনায় ২০০৯ সালে এক দফা ও পরে ২০১২ সালে আরেক দফায় ৭০ জনকে নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। রূপালী ব্যাংক বাদে বাকি সব ব্যাংকের চেয়ারম্যান পদে গত পাঁচ বছরে নিয়োগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ সমর্থিত ‘নীল দল’-এর শিক্ষকদের।
চেয়ারম্যানসহ ১৩ জনকে নিয়ে প্রতিটি পর্ষদ গঠিত।»ব্যতিক্রম বাদ দিলে চার ব্যাংকের পাশাপাশি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি), বেসিক ব্যাংক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে অন্তত সাত থেকে আটজন করে রাজনৈতিক নিয়োগ দেয় সরকার। যাঁদের বেশির ভাগই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় থেকে শুরু করে থানা পর্যায়ের বর্তমান ও সাবেক নেতা।
রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর পর্ষদে দলীয় লোক নিয়োগের ফলাফল ও মূল্যায়ন সম্পর্কে জানতে চাইলে গত বৃহস্পতিবার সচিবালয়ে প্রথম আলোকে অর্থমন্ত্রী জানান, ব্যর্থতার কারণেই এ ধরনের নিয়োগ থেকে তিনি সরে আসছেন। অর্থমন্ত্রী জানান, ‘ব্যাংকের পর্ষদে এখন সাবেক আমলা বা সাবেক ব্যাংকারদের নিয়োগ দেওয়া হবে।’
বর্তমানে অগ্রণী, বিডিবিএল ও বিকেবির চেয়ারম্যানের পদ খালি রয়েছে। রূপালী ব্যাংক ও সোনালী ব্যাংকের দুই চেয়ারম্যানের মেয়াদ ডিসেম্বরে শূন্য হওয়ার কথা। জনতা ব্যাংকের চেয়ারম্যানের পদও শূন্য হওয়ার পর গত বুধবার সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিরাজ উদ্দীন আহমেদ চৌধুরীকে (এস এ চৌধুরী) ব্যাংকটির চেয়ারম্যান নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
সোনালী ব্যাংকের এমডি থাকার সময় এস এ চৌধুরী গ্রাহকের অর্থায়নে হেলিকপ্টারে করে রাজশাহী-নাটোর অঞ্চলে প্রকল্প পরিদর্শন করতে গিয়েছিলেন। তার পরও কেন জনতা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হচ্ছে—প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, ‘তখন তিনি ভুল করেছিলেন।’
এদিকে গতকাল রোববার এক আদেশে অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পরিকল্পনা কমিশনের সদস্য ও ব্যাংকটির সরকার নিয়োজিত পরিচালক আরাস্তু খানকে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংক কোম্পানি হয়ে যাওয়ার পর ব্যাংকগুলোতে সরকার সরাসরি চেয়ারম্যান নিয়োগ দিতে পারে না। চেয়ারম্যান নিয়োগ হবে পর্ষদের মাধ্যমে। তাহলে অর্থ মন্ত্রণালয় কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা পারি। কারণ আমরা যে ব্যাংকের মালিক-এ বিষয়টি মনে রাখতে হবে।’
জানা গেছে, নিয়ম না থাকলেও রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের ব্যাপারে অর্থমন্ত্রীর কাছ থেকে প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠানো হয়। দীর্ঘবছর থেকে এটা রেওয়াজ হিসেবে চলে আসছে।
বিভিন্ন ব্যাংকের পর্ষদ সদস্য হিসেবে গত পাঁচ বছরে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সহসম্পাদক নাগিবুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাত আরা, কক্সবাজারের আওয়ামী লীগ নেতা সাইমুম সরওয়ার, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভুঁইয়া, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খোন্দকার জাহাঙ্গীর কবির, সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার, সুভাষ সিংহ রায়, শাহজাদা মহিউদ্দিন, জাকির আহমেদ, বুয়েট ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সবুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক ভিপি কে এম এন মঞ্জুরুল হককে নিয়োগ দেওয়া হয়।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ কথা জানা গেছে, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের পর্ষদ সদস্য বা পরিচালক নিয়োগের ব্যাপারে সরকারের মনোভাব এখনো পরিষ্কার নয়। তবে ব্যাংকগুলোর চেয়ারম্যান নিয়োগের ব্যাপারে এবার আর শুধুই রাজনৈতিক বিবেচনা করা হচ্ছে না। তারই অংশ হিসেবে এস এ চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে সাবেক পল্লী উন্নয়ন ও সমবায়সচিব মিহিরকান্তি মজুমদারকে। তার আগে বহুল আলোচিত-সমালোচিত বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চুর জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে বেসিক ব্যাংকেরই সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বিকেবির চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদকে।
এদিকে রাষ্ট্র মালিকানাধীন কয়েকটি ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার জন্য গত বুধবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে তিনজনের মৌখিক পরীক্ষা নিয়েছেন অর্থমন্ত্রী। সরেজমিনে দেখা গেছে, অর্থমন্ত্রীর কাছে প্রথমে মৌখিক পরীক্ষা দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মজিদ খান। তার পর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মুজিব আহমেদ। সবশেষে মৌখিক পরীক্ষা দেন বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ আমিন উদ্দিন।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক থেকে ফেরার পর বাকি চেয়ারম্যানদের নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া দুটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সদ্য বিদায়ী অর্থসচিব ফজলে কবির এবং সাবেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব (পরিবেশসচিব হিসেবে অবসরে যাওয়া) শফিকুর রহমান পাটোয়ারীর নাম রয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম প্রথম আলোকে বলেন, সুষ্ঠুভাবে ও নিষ্ঠার সঙ্গে ব্যাংক পরিচালনার জন্য যাঁকে যোগ্য মনে করা হবে, তিনিই নিয়োগ পাবেন চেয়ারম্যান পদে।
এ ব্যাপারে যোগাযোগ করলে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ প্রথম আলোকে বলেন, ব্যাংকের চেয়ারম্যান সচিব হতে পারেন, শিক্ষকও হতে পারেন। তবে এই দুই পেশার চেয়েও সাবেক ব্যাংকারদের নিয়োগ দেওয়ার ব্যাপারে পক্ষপাতী তিনি। ইব্রাহীম খালেদ বলেন, ‘সচিব শুধু হলেই হবে না। যেমন মিহিরকান্তি মজুমদারকে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে। খুবই ভালো নির্বাচন। কারণ তাঁর হাতেই পুরো কাজটি হয়েছে। কিন্তু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে একজন সচিব ছিলেন যার সময়ে ব্যাংকে নিয়োগ নিয়ে প্রচুর অনিয়ম হয়েছে। সরকারের উচিত হবে সতর্কতার সঙ্গে এ ধরনের সচিবদের নিয়োগ দেওয়া।
আগের চেয়ারম্যানরা: বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাইয়ের সময়ে তাঁরই প্রত্যক্ষ সহযোগিতায় অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ব্যাংকটি থেকে সাড়ে চার হাজার কোটি টাকা বেরিয়ে গেছে। ২০০৯ সালের সেপ্টেম্বরে জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরই অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তৈরিতে আবুল বারকাতের ভূমিকা ছিল। তিনি নিজেও এ কথা বলে থাকেন। দুই মেয়াদে পাঁচ বছর পর দায়িত্ব পালনের পর তাঁর মেয়াদও শেষ হয়েছে গত ৮ সেপ্টেম্বর। শেষ সময়ে এসে করপোরেট সামাজিক দায়বদ্ধতার-সিএসআর খাতে ব্যয় নিয়ে অর্থমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে বিতর্ক সৃষ্টি করেন তিনি।
প্রায় একই সময়ে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল হক। পরে তাঁকে আরও দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। তিনি আওয়ামী লীগ-সমর্থিত নীল দল থেকে নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি। দুই মেয়াদে পাঁচ বছর দায়িত্ব পালনের পর ৪ সেপ্টেম্বর তাঁর মেয়াদ শেষ হয়েছে।
অর্থমন্ত্রীর ভাগনিজামাই আহমদ আল কবির রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে প্রথমে তিন বছর ও পরে দুই বছরের জন্য নিয়োগ পান। এর আগে তিনি একটি বেসরকারি সংস্থা পরিচালনা করতেন। রূপালী ব্যাংকের চেয়ারম্যান হওয়ার পর তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক এ এইচ এম হাবিবুর রহমান ২০১২ সালের ডিসেম্বরে সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ পান। তাঁর আগে চেয়ারম্যান ছিলেন সোনালী ব্যাংকেরই সাবেক কর্মকর্তা কাজী বাহারুল ইসলাম। কাজী বাহারুল চেয়ারম্যান থাকাকালীনই দেশের ব্যাংক ইতিহাসে সর্ববৃহৎ ‘হল-মার্ক কেলেঙ্কারি’ হয়েছে।
বিডিবিএলের চেয়ারম্যান হিসেবে ২০১২ সালে নিয়োগ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ। এর আগে একই ব্যাংকের পরিচালক ছিলেন তিনি। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে আওয়ামী লীগ-সমর্থিত নীল দলের নেতা।