বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে বাংলাদেশ একেবারে কিছু পায়নি কথাটা ঠিক নয়। তিনি বলেন, ‘আমাদের ন্যায্য পাওনা আদায় করতে আমরা যদি ব্যর্থ হই, মোদিকে দোষ দিয়ে লাভ নেই। এর জন্য দরকার জনগণের সমর্থনপুষ্ট স্ট্রং গভর্নমেন্ট।’
গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘ভারতের প্রধানমন্ত্রীর সফরে প্রাপ্তি-অপ্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় এমাজউদ্দীন আহমদ এ কথা বলেন। দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।
এমাজউদ্দীন আহমদ বলেন, মনে পড়ে প্রবহমান নদী তিতাসের ওপর ব্রিজ করে যখন ভারতের ভারী বিদ্যুতের সরঞ্জামাদি নেওয়া হয়, তখন একজন উপদেষ্টা (প্রধানমন্ত্রীর) বলেছিলেন, এর জন্য ফি বা মাশুল নেওয়াটা হবে অভদ্রতা। এখন এ ধরনের ‘অভদ্রতার ব্যক্তিরা’ যদি নতুনভাবে ২২টি চুক্তির জন্য আলোচনায় অংশ নেন অথবা চুক্তি-সংশ্লিষ্ট বিষয়গুলোতে দক্ষ ও বিশেষজ্ঞ ব্যক্তিরা প্রতিনিধিত্ব না করেন, তাতে কোনো লাভ হবে না। তিনি বলেন, ‘যে ২২টি চুক্তি হলো এগুলো থেকে যদি ফল পেতে হয়, তাহলে আমাদের পক্ষ থেকে যাঁরা কথা বলবেন বা দাবিদাওয়া তুলবেন, তাঁদের সফলতা ও দক্ষতার ওপর অনেক কিছু নির্ভর করছে।’
সমঝোতা চুক্তিগুলো জাতীয় সংসদে তুলে ধরতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান এমাজউদ্দীন। তিনি বলেন, এটা সংবিধানের দাবি।
এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ‘তিস্তা নিয়ে কোনো সিদ্ধান্ত হলো না। তিতাসকে প্রবাহিত করার কথাও সরকার তুলল না। সীমান্ত হত্যা নিয়ে সরকার ক্ষুদ্রতম দাবিও তোলেনি। তিন বিঘা করিডর সম্পর্কে একটি কথাও হয়নি। এখন সীমান্ত চুক্তি কীভাবে বাস্তবায়িত হয় তা দেখার বিষয়। আমরা শুধু আশ্বাসের ওপর আছি।’ ‘ভারতকে দেওয়ার বেলায় আমরা হাতেম তাই’—এ মন্তব্য করে তিনি বলেন, মংলা ও চট্টগ্রাম বন্দর দেওয়া হচ্ছে। ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানকে নিয়ে চার দেশের একটি বাড়ি হচ্ছে। বলা হচ্ছে সবাই সব জায়গায় যেতে পারবে। তিনি বলেন, ‘আমার উঠোন একজনের জন্য খুলে দিলাম, কিন্তু অন্যদের উঠোনে আমি পা দিতে পারব তো?’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাক্ষাৎ দেওয়া মোদির সফরের ‘একটি ভালো কাজ’ বলে মন্তব্য করেন এমাজউদ্দীন আহমদ।