সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে বাংলা ব্লগসাইট সামহোয়্যার ইন ব্লগকে জড়িয়ে বিভিন্ন সংবাদ ও তথ্য প্রকাশিত হয়েছে। এতে সামহোয়্যার ইন ব্লগ স্বাধীনতাবিরোধীদের দ্বারা চালিতসহ এ ব্লগের ব্লগারদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। এই ব্লগ শুরু থেকেই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তাই এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে সামহোয়্যার ইন ব্লগের এমন অবস্থানের কথা তুলে ধরেন এই ব্লগের পরিচালক সৈয়দা গুলশান ফেরদৌস। তিনি বলেন, ‘বিভিন্ন মহল থেকে আমাদের প্ল্যাটফর্মের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে। যা সঠিক নয়।’ তাঁদের প্রতিষ্ঠানের আয়ের উর্যাস দেখতেও আগ্রহীদের অনুরোধ জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দা গুলশান ফেরদৌস বলেন, ‘ব্লগের অনেক লেখায় (ব্লগ পোস্ট) আপত্তিকর, প্রচলিত আইন কিংবা ধর্মবিরোধী বিষয় থাকতে পারে। তবে এ লেখাগুলোর বিষয়ে কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।’ ব্লগের বিষয় নিয়ে ব্যক্তিগতভাবে বিভিন্ন মহল থেকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত মুঠোফোন নম্বরসহ ফেসবুকে অ্যাকাউন্ট খুলে আপত্তিকর পোস্ট দেওয়া হচ্ছে। এতে আমি, আমার স্বামী এবং আমার একমাত্র সন্তান নিরাপত্তাহীনতায় আছি।’৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন শুরু করে ব্লগারস অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক। এরপর কয়েকটি গণমাধ্যম ব্লগ এবং ব্লগারদের বিরুদ্ধে নানা ধরনের তথ্য প্রকাশ করে। সামহোয়্যার ইন ব্লগকে জড়িয়েও বিভিন্ন খবর প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে সামহোয়্যার ইন কর্তৃপক্ষ।