‘আমরা যুদ্ধ করে দেশের স্বাধীনতা এনেছি। কিন্তু সেই স্বাধীনতাযুদ্ধে যারা হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগ করেছে, সেসব যুদ্ধাপরাধীর বিচার হয়নি আজও। বঙ্গবন্ধু হত্যার পর যারা ক্ষমতায় এসেছে, তারা এসব যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার-কার্যক্রম শুরু করেছে। পুরো বিচার আমরা হয়তো শেষ করতে পারব না। আমরা যা পারিনি, তা আপনাদের (নতুন প্রজন্ম) করতে হবে।’পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে গতকাল শনিবার বরিশাল বিভাগীয় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত বাস্তবায়ন এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ বরিশাল বিভাগীয় কমিটি এ সমাবেশের আয়োজন করে। বেলা পৌনে ১১টার দিকে সমাবেশ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শেখ কুতুবউদ্দিন আহমেদ, জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদার, বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন, সাংসদ তালুকদার মো. ইউনুস, সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুণ-অর-রশীদ প্রমুখ। সমাবেশ শেষে ছাত্রসমাজের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা।