আমরা যুদ্ধে নেমেছি, জয় হবেই: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরুল ইসলাম
কামরুল ইসলাম

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের আদেশ পুনর্বিবেচনা করতে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে খারিজ হওয়াকে ‘চূড়ান্ত বিজয়’ বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘আপিল শুনানি খারিজ হওয়ায় চূড়ান্ত লড়াইয়ে আমাদের জয় হয়েছে। এরপর এ ধরনের কোনো মামলায় আর রিভিউ করতে পারবেন না আসামিপক্ষের আইনজীবীরা।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি ফজলে কবীরের গ্রামের বাড়িতে হামলার ঘটনার নিন্দা জানান আইন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা যুদ্ধে নেমেছি। এ যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে। জয় আমাদের হবেই।’
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন আজ খারিজ করেন আদালত। ফলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করতে আইনগত আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত মঙ্গলবার কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ। সরকারের দুই প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম রাত ১২টা এক মিনিটে ফাঁসি কার্যকর হবে বলে আনুষ্ঠানিকভাবে জানান। এর পরই ফাঁসির কার্যক্রম স্থগিতের আবেদন নিয়ে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বাসায় হাজির হন কাদের মোল্লার আইনজীবীরা। তিনি গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফাঁসির কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন। শুনানি শেষে আজ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ করার আবেদন খারিজ করে দেন।

গত ১৭ সেপ্টেম্বর কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর আগে ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।