আমরা রাজনীতিবিদদের ঘুম ভাঙাতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা সরকার বা কারও প্রতিপক্ষ নই। আমরা সাধারণ নাগরিক। আমাদের রাজনীতিবিদেরা ঘুমিয়ে আছেন। আমরা তাঁদের ঘুম ভাঙাতে চাই। সে কারণেই আমরা ঈদের দিন শহীদ মিনারে গিয়ে প্রতিবাদী অবস্থান নেব।’গতকাল রোববার বেসরকারি এফএম রেডিও এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কলামলেখক সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন।৩১ আগস্টের মধ্যে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পদচ্যুত না করলে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী অবস্থান ধর্মঘট ও অনশনের ঘোষণা দিয়েছে ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা। ২৪ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে এক সমাবেশ থেকে যোগ্যতার পরীক্ষা ছাড়া চালকদের লাইসেন্স না দেওয়া, পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধের দাবি জানানো হয়। সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের মৃত্যুর প্রতিবাদে এবং স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দাবি করে ওই সমাবেশ করা হয়েছিল।কর্মসূচির ব্যাখ্যা দিতে গিয়ে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘একটি দেশের মূল্যবোধ বা শিক্ষার মান কতটা নেমে গেছে, সেটি হয়তো চট করে বোঝা যায় না। কিন্তু দেশের বিপর্যস্ত সড়ক-মহাসড়ক তো লুকানোর কিছু নেই। প্রতিদিনই দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এটা তো চলতে পারে না।’ তিনি আরও বলেন, ‘এসব আমার একার কথা নয়, নাগরিকদের মনের ভাষা। এ কারণেই আমাদের ২৪ আগস্টের কর্মসূচিতে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে ছাত্র-শিক্ষক-পেশাজীবী সবাই এসেছিলেন। দেশের সড়ক যোগাযোগে অব্যবস্থাপনা নিয়ে মানুষ ক্ষুব্ধ। কারণ, এর সঙ্গে দেশের অর্থনীতি, জীবনযাত্রা—সব জড়িত।’সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আজকে নাগরিক সমাজ ক্ষুব্ধ মত দেওয়ার কারণেই প্রধানমন্ত্রী উদ্যোগ নিচ্ছেন। আমরা এই বেহাল সড়ক যোগাযোগ ব্যবস্থাপনার প্রতিবাদেই শহীদ মিনারে যাচ্ছি। আমরা চাই সরকারের ঘুম ভাঙুক।’কর্মসূচির প্রতি সরকারের সমালোচনার বিষয়ে জানতে চাইলে আবুল মকসুদ বলেন, ‘নাগরিকদের উদ্যোগ তো নতুন কিছু নয়। মুক্তিযুদ্ধের সময়ে আমরা ছিলাম। এরশাদবিরোধী আন্দোলনে আমরা ছিলাম। বিএনপির সময় আমরা মিছিল-সমাবেশ করেছি। সরকার কি ভুলে গেছে, ভোটার তালিকা থেকে জাল ভোটার বাদ দেওয়ার জন্য আমি সারা দেশে ঘুরেছি। আজিজ সাহেবকে (সাবেক প্রধান নির্বাচন কমিশনার) বাদ দেওয়ার জন্য আমরা রাস্তায় ছিলাম। আজকে সরকার আমাদের সমালোচনা করছে। বিএনপির সময় তারাও যাচ্ছেতাই ভাষায় আমাদের গালিগালাজ করেছে।’ সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘রাজনীতিবিদেরা ক্ষমতায় যাবেন, বিরোধী দলে থাকবেন। এঁদের মাঝখানে থাকবে নাগরিক সমাজ। নাগরিক সমাজ গণতন্ত্রের সম্পূরক শক্তি। মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত স্বাধীনতাবিরোধীরা এই নাগরিক সমাজের প্রতিনিধি বুদ্ধিজীবীদের হত্যা করে গেছে। কিন্তু এই যুগে এসে গণতান্ত্রিক সরকারগুলোও যদি নাগরিক সমাজকে ধারণ করতে না পারে, তাহলে গণতন্ত্র তো শক্তিশালী হবে না।’শহীদ মিনারের কর্মসূচিতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আবুল মকসুদ বলেন, ‘আমরা চাই, মানুষের জন্য রাস্তাঘাট নিরাপদ হোক। আমরা মনে করি, সরকার আমাদের দাবি বুঝবে।’