
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘শিক্ষক-ছাত্র-কর্মচারী প্রত্যেকের মধ্যে অবক্ষয় দেখা যাচ্ছে। শিক্ষার কী মান ছিল, আজকে আমরা কোথায় চলে যাচ্ছি।’ তিনি বলেছেন, ‘আমরা শিক্ষাকে একটা ব্যবসা হিসেবে পরিণত করেছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘এই প্রতিষ্ঠানটা একটা মহান বিদ্যাপীঠ। আমার মহান বিদ্যাপীঠের অনারেবল (সম্মানিত) শিক্ষক যাঁরা; এই শিক্ষকেরা এখন নিজ প্রতিষ্ঠানে ক্লাস নেওয়ার চেয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়ার জন্য ঝুঁকে যান।’
প্রধান বিচারপতি বলেন, ‘শিক্ষার আলো জ্বালাতে হলে গুরুজনদের যেভাবে আমরা শ্রদ্ধা করতাম এটা বজায় রাখতে হবে। সম্মানিত শিক্ষকবৃন্দের কাছে অনুরোধ করব, গুরুজন হিসেবে আন্তরিকতার সঙ্গে, আমরা যেটা শিক্ষা পেয়েছি, সেই শিক্ষা তাঁদের দেওয়ার জন্য।’
প্রধান বিচারপতি বলেন, ‘১৯৭১ সালে জগন্নাথ হলে যত রক্ত ঝরেছে, আর কোনো হলে এত রক্ত ঝরেনি। মুক্তিযুদ্ধের কিছু কাগজপত্র আমাদের কাছে উপস্থাপন করা হয়েছিল। সেখানে দেখেছি কী মর্মান্তিক, নৃশংসভাবে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল।’
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘বাঙালি জাতি এখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা-প্রযুক্তি, অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্যের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নযাত্রা কেউ পরাভূত করতে পারবে না।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত শত্রু-সম্পত্তি আইন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কানুতোষ মজুমদারের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক অজয় রায়, আওয়ামী লীগের নেতা অসীম কুমার উকিল, বিএনপির নেতা নিতাই রায় চৌধুরী, সাংসদ পঙ্কজ দেবনাথ, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার প্রমুখ।
জগন্নাথ হলের বিভিন্ন ব্যাচের অ্যালামনাই সদস্যরা পরিবার-পরিজন নিয়ে পুনর্মিলনীতে যোগ দেন। দীর্ঘদিন পর বন্ধুদের পেয়ে খোশগল্পে মেতে থাকেন তাঁরা। পুনর্মিলনীর প্রথম পর্বে আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে সংগীতানুষ্ঠান ও র্যাফল ড্র অনুষ্ঠিত হয়।