আমরা সন্দ্বীপবাসীর সাত দফা
নৌপথে চট্টগ্রামের কুমিরা থেকে গুপ্তছড়া ঘাট পর্যন্ত নিরাপদে চলাচলের জন্য সামাজিক সংগঠন ‘আমরা সন্দ্বীপবাসী’ সাত দফা দাবি তুলে ধরেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবিদাওয়া জানানো হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়কারী মোহাম্মদ রফিকুল মাওলা।
সাত দফা দাবির মধ্যে রয়েছে: কুমিরা-গুপ্তছড়া ঘাটে অননুমোদিত ঝুঁকিপূর্ণ নৌযান ও মালবাহী বোটে যাত্রী পারাপার বন্ধ করা, দুই পাড়ে প্রতিদিন দুবার করে চারবার স্টিমার চলাচলের ব্যবস্থা করা, নৌমন্ত্রীর নির্দেশিত হারে (২০০ টাকা) স্পিডবোটের ভাড়া আদায়, যাত্রীদের নিরাপদ ওঠানামার ব্যবস্থা, অকেজো, ফিটনেসবিহীন, স্পিডবোট, ট্রলার ও নৌকা চলাচল বন্ধ করা, টয়লেটসহ যাত্রী ছাউনির ব্যবস্থা এবং ৪০ কেজি পর্যন্ত মালামালের ভাড়া আদায় না করা ও বকশিশের নামে যাত্রী হয়রানি বন্ধ করা।