‘গণিতের প্রশ্ন, গণিতের উত্তর’ গণিত উৎসবের সবচেয়ে জনপ্রিয় পর্বগুলোর একটি। গত দুই বছর এই উৎসবটি অনলাইনে অনুষ্ঠিত হওয়ায় ছিল না এই পর্ব। তাই তিন বছর ধরে গণিত নিয়ে জড়ো হওয়া প্রশ্নগুলো নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খুদে গণিতবিদেরা মুখিয়ে ছিল এই পর্বের জন্য। পর্বটি পরিচালনা করেন অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সেলর মাহমুদুল হাসান সোহাগ।
রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে ছিল জাতীয় গণিত উৎসব ২০২২। দুপুরের বিরতির পর বিকেলে শুরু হয় প্রশ্ন-উত্তর পর্ব। সেই পর্বে অতিথি হিসেবে জটিল প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি মুহম্মদ জাফর ইকবাল, গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য কামরুল আহসান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য চৌধুরী মফিজুর রহমান, বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার, বুয়েটের অধ্যাপক আবদুল হাকিম খান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। আরও ছিলেন ডাচ্–বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার ভিক্টর বিকাশ ডি রোজারিও ও জীববিজ্ঞানী রেজাউর রহমান।
‘গণিতের প্রশ্ন, গণিতের উত্তর’ পর্ব দেখে নেওয়া যাক কয়েকটি মজার প্রশ্ন ও তার উত্তর।
প্রশ্ন :
বাংলাদেশের আয়তন কত কেন বলি? বলা উচিত না, বাংলাদেশের ক্ষেত্রফল কত?
উত্তর: ঠিক। এই ভুলটা বহুদিন ধরে চলে আসছে। তুমি এখন থেকে বলবে, বাংলাদেশের ক্ষেত্রফল এত। ইতিমধ্যে কিছু কিছু বইয়ে সংশোধন করা হয়েছে।
প্রশ্ন: যখন আমরা কোথাও যাই, কেন মনে হয় চাঁদ আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে?
উত্তর: গেলে তো ভালোই, সমস্যা কী। তোমার সঙ্গে চাঁদও হাঁটল, গেল (মজা করে)।
আশপাশে তো অনেক কিছু থাকে। গাছ থাকে, বাড়ি থাকে। সেগুলোর সাপেক্ষে আমাদের মনে হয় চাঁদও হাঁটছে। যদি পুরোটা ফাঁকা, বিশাল বিস্তীর্ণ মাঠ হতো, তাহলে আর মনে হতো না যে চাঁদ হাঁটছে।
প্রশ্ন :
পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে কি প্রমাণ করা যাবে?
উত্তর: না, অন্য কোনো উপপাদ্য ব্যবহার করে এটা প্রমাণ করতে হবে।
প্রশ্ন :
গণিত উৎসবের পরিকল্পনা কে করেছিল?
উত্তর: ১৯৮৬ সালে প্রথম বাংলাদেশের গণিত অলিম্পিয়াডের পরিকল্পনা করেছিলেন কায়কোবাদ। সে বছর তাঁর দেশের বাইরে থেকে পড়ে আসার পর মনে হলো, দেশে গণিত উৎসব করা দরকার। এরপর ১৯৯৪ সালে মুহম্মদ জাফর ইকবালও দেশের বাইরে থেকে পড়ে আসেন। দুজনের দেখা হয়। দুজনে মিলে গণিত উৎসবের পরিকল্পনা করেন। এরপর প্রথম আলোর সম্পাদকের সঙ্গে কথা বলে প্রাথমিক ধাপ হিসেবে নিয়মিত গণিতের সমস্যা ছাপা হতে লাগল প্রথম আলোর পাতায়। এরপর এর সঙ্গে যোগ দেন মুনির হাসান। এরপর ধীরে ধীরে সেই উৎসব আজকের অবস্থায় রূপ নেয়৷
প্রশ্ন :
দুটি শূন্য যোগ করলে শূন্য হয়। এক লাখ শূন্য যোগ করলেও শূন্য পাব। এখন আমরা যদি একটা এক মিটার সরলরেখা দেখি, সেখানে তো অসংখ্য শূন্য আছে।
উত্তর: তুমি যে দূরত্বকে শূন্য ভাবছ, সেটা শূন্যের কাছাকাছি। দুটি বিন্দুর মাঝে যেটা রয়েছে, সেটা কিন্তু শূন্য না। আমি একটা প্রশ্ন করি (মুহম্মদ জাফর ইকবাল) মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের ভেতরে কত সংখ্যা আছে? অসীমসংখ্যক। এর বাইরেও অসীমসংখ্যক। কিন্তু বাইরের অসীমসংখ্যক সংখ্যা ভেতরের অসীমসংখ্যক সংখ্যা থেকে অনেক বড়। তাই আমি বলি, প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ানের ভেতরটা মানুষ আর বাইরেরটা স্বপ্ন। তাই আমি বলি, মানুষ তার স্বপ্নের সমান বড়।
প্রশ্ন :
একটা হোটেল আছে। সেই হোটেলে অসীমসংখ্যক রুম আছে। সেখানে অসীমসংখ্যক মানুষ থাকে। এখন দুর্বাশা মুনি তাঁর অসীমসংখ্যক শিষ্য নিয়ে ওই হোটেলে এলেন। তিনি যদি সবাইকে নিয়ে ওই হোটেলে থাকতে চান, থাকতে পারবেন কি? পারলে কীভাবে পারবেন?
উত্তর: যে মানুষ ওই হোটেলে আছে, তারা সবাই জোড় নম্বর রুমে চলে যাবেন। যেমন যে এক নম্বর রুমে আছে, তিনি দুই এ চলে যাবেন। যিনি দুই নম্বর রুমে আছেন, তিনি চার নম্বর রুমে চলে যাবেন। যিনি ৩ নম্বর রুমে আছেন, তিনি যাবে ছয় নম্বর রুমে। এভাবে ২, ৪,৬, ৮...জোড় রুমগুলোতে যারা আগে থেকে ওই হোটেলে ছিলেন, তারা চলে যাবেন। আর বিজোড় নম্বর রুমগুলো খালি হয়ে যাবে। যেহেতু জোড় আর বিজোড় সংখ্যা, দুটিই অসীম। তাই দুর্বাশা মুনি তার শিষ্য নিয়ে বিজোড়সংখ্যক রুমগুলোতে থাকতে পারবেন।
প্রশ্ন :
প্রথম গণিত আবিষ্কার করেন কে?
উত্তর: আমরা গণিত শিখি মানুষের উপকার করার জন্য৷ বাংলা একটা ভাষা, ইংরেজি একটা ভাষা, গণিতও তেমনি একটা ভাষা...কার ভাষা গণিত? গণিত বিজ্ঞানের ভাষা৷ ইঞ্জিনিয়ারিংয়ের ভাষা। টেকনোলজির ভাষা। গণিত না জানলে বাকি জীবন তুমি অন্ধের মতো বাস করবে। নিউটন সাহেব তো আপেল পড়া দেখে শুরুতে ভাবতে শুরু করলেন৷ ভেবে দার্শনিক হলেন, এরপর বিজ্ঞানী হলেন, এরপর লিখলেন গণিতের ভাষায়। মানুষ ভাষা শেখার আগে গণিত শিখেছে। আমি চাই। একটা চাই, দুটো চাই। যোগ। দিতে হবে। একটা দিলাম, দুটো দিলাম। মাইনাস। এভাবে মানুষ নিজের প্রয়োজনে গণিত আবিষ্কার করেছে।
প্রশ্ন :
আলোকে বিশ্লেষণ করলে আমরা সাতটা রং পাব। সূর্যের আলোকে কেন সাদা দেখি?
উত্তর: আসলে ৭টা না। আরও বেশি পাব। পোকামাকড় যে আল্ট্রাভালোয়েট রে, ইনফ্রা রে দেখে—এগুলো আমরা কিছুই দেখি না। আমাদের রেটিনা মূলত তিনটা রং দেখতে পারে। সেই তিনটা রং মিলেমিশে অন্য সব রং দেখতে পায়।
প্রশ্ন :
শূন্য যোগ শূন্য শূন্য হয়। শূন্য গুণ শূন্য শূন্যই হয়। কিন্তু শূন্যর ফ্যাক্টরিয়াল কেন এক?
উত্তর: তুমি আপত্তি করো না। রেখে দাও। না হলে আর কোনো কিছুর ফ্যাক্টরিয়াল বের করা যাবে না।
আসলে ফ্যাক্টরিয়াল মানে ওই বস্তুকে কতবার সাজানো যাবে। তিন ফ্যাক্টরিয়াল...মানে তিনটা বস্তুকে কতভাবে সাজানো যায়। দুটি বস্তুকে দুবার সাজানো যায়। একটা বস্তুকেও একবার সাজানো যায়৷ শূন্য মানে তো কিছু নেই। সেই কিছু নেইকেও একবার সাজানো যায়। তাই শূন্যর ফ্যাক্টরিয়াল এক।