আমরা হাহাকার ও অনিশ্চয়তার মধ্যে সময় পার করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ‘আমরা হাহাকার ও অনিশ্চিত অবস্থার মধ্যে সময় পার করছি। মানুষ ভয়াবহভাবে বিপর্যস্ত, নারীরা আক্রান্ত, শিশুরা ভবিষ্যতের চিন্তা করতে পারছে না। আর ধর্ম ব্যবসায়ীরা অট্টহাসি হেসে বলছে, “আমরা জয়ী হলাম”।’ চিটাগং পুলিশ ইনস্টিটিউশনের (সিপিআই) ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে গতকাল শনিবার প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল এসব কথা বলেন। পুলিশ ইনস্টিটিউশন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে। সুলতানা কামাল বলেন, ‘মানুষের জীবনে কখনো এই পরিস্থিতি সত্যি হতে পারে না। আমরা এর প্রমাণ দিয়েছি বায়ান্নর ভাষা আন্দোলনে, ’৬০ ও ’৬৯-এর গণ-আন্দোলনে। সবচেয়ে বিস্ময়করভাবে পরিচয় দিয়েছি ’৭১-এর মুক্তিযুদ্ধে।’ তিনি বলেন, পৃথিবীর অনেক দেশ স্বাধীনতার পর এত অল্প সময়ে সংবিধান রচনা করতে পারেনি। বাংলাদেশ কয়েক মাসের মধ্যেই সংবিধান অর্জন করেছে। এটি বিরাট পাওয়া। দেশ শাসন করার প্রত্যয় ও প্রতিজ্ঞা নিয়ে বাহাত্তরের সংবিধানের মূলনীতি অনুযায়ী জাতি, ধর্ম-বর্ণ, লিঙ্গনির্বিশেষে মানবসত্তার মহিমা প্রতিষ্ঠা করতে হবে।সিপিআই প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আখতার হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। সকালে শোভাযাত্রা নিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে ঢোকেন। দিনব্যাপী এই আয়োজনে সংগীত পরিবেশন করেন ফাতেমা-তুজ-জোহরা, নিশিতা বড়ুয়া প্রমুখ।