আমরা হীরক রাজার দেশে বসবাস করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারকে ‘হীরক রাজার’ সঙ্গে তুলনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের সমন্বয়ক তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘বর্তমান সরকার গণতন্ত্রকে পকেটস্থ করেছে। দেখে মনে হয়, আমরা হীরক রাজার দেশে বসবাস করছি।’গতকাল রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণবিক্ষোভ কর্মসূচিতে তরিকুল এ মন্তব্য করেন।‘সরকারের নির্যাতন-নিপীড়ন ও জনদুর্ভোগের প্রতিবাদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে’ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ঢাকা মহানগর কমিটি এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। তরিকুল ইসলাম বলেন, ১৮ দলের চলমান আন্দোলন ধাপে ধাপে কঠিন থেকে কঠিনতর করা হবে। ২৬ ডিসেম্বরের গণসংযোগ কর্মসূচি থেকে কঠিন আন্দোলনে যাওয়ার হুমকি দেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবি জানিয়ে তরিকুল বলেন, একটি প্রধান দলের মহাসচিবকে জেলে বন্দী করে রাখার সংস্কৃতি গত ৩০ বছর ছিল না। বর্তমান সরকার তা-ই করল। তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে গণতন্ত্র এমনই যে, তাকে ধরা যায় না, ছোঁয়াও যায় না।তরিকুল অভিযোগ করেন, বড় বড় সব ব্যবসা-বাণিজ্য সরকারদলীয় লোকজন কুক্ষিগত করে রেখেছে। ভিওআইপির বৈধ লাইসেন্স নিয়ে অবৈধ ব্যবসা করছে। বেসরকারি ব্যাংক, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে জাহাজ নির্মাণশিল্প, টেলিকম খাত—সব একচেটিয়া অধিকারে রেখেছে সরকারদলীয় লোকজন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেন, ‘তত্ত্বাবধায়ক সরকার বিএনপির দাবি ছিল না। এটি ছিল জামায়াত-আওয়ামী লীগের দাবি। তাদের “যৌথ মিলনে” যে সন্তানের জন্ম হয়, সেটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। সে সন্তানকে শেখ হাসিনা গলা টিপে হত্যা করছেন। তাকে রক্ষা করতে জামায়াত মাঠে নেমেছে। আমরা সঙ্গে আছি।’মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, জামায়াতের মজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, হামিদুর রহমান আযাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী প্রমুখ বক্তব্য দেন।