আমলাতন্ত্র ও মানবসম্পদ দক্ষতায় পিছিয়ে দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলটেবিল বৈঠকে বক্তব্য দিচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পাশে আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান l প্রথম আলো
গোলটেবিল বৈঠকে বক্তব্য দিচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পাশে আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান l প্রথম আলো

দক্ষ উদ্যোক্তা শ্রেণি, দক্ষ আমলাতন্ত্র, দক্ষ মানবসম্পদ, ব্যবসায়ীদের রাজনৈতিক প্রভাব, সামাজিক বৈষম্য ও একই সাংস্কৃতিক চিন্তা—এ ছয়টি বিষয়ের ওপরই নির্ভর করে শিল্পনীতির সফলতা। এর মধ্যে আমলাতন্ত্র ও মানবসম্পদের দক্ষতার দিক থেকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
তবে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের দাবি, সফলতা-ব্যর্থতার চেয়ে শিল্পনীতির কার্যকর বাস্তবায়নটি জরুরি। কারণ, আইনি বাধ্যবাধকতা না থাকায় সরকারের অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ এটি মানতে চায় না।
এভাবে প্রস্তাবিত শিল্পনীতি নিয়ে অভিমত তুলে ধরেন ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, গবেষক ও অর্থনীতিবিদেরা। পাশাপাশি তাঁরা শিল্পনীতির বাস্তবায়ন নিশ্চিত করতে শিল্প মন্ত্রণালয়কেই কার্যকর ভূমিকা পালনেরও আহ্বান জানান। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত ‘কেমন চাই জাতীয় শিল্পনীতি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ অভিমত ও আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই প্রস্তাবিত শিল্পনীতি, ২০১৫ অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠবে। বর্তমানে এটি চূড়ান্ত পর্যায়ে আছে।
নোয়াবের সভাপতি ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আর প্রস্তাবিত শিল্পনীতির বিভিন্ন দিক তুলে ধরেন শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও জ্যেষ্ঠ সহকারী সচিব মো. সলিমউল্লাহ।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি তপন চৌধুরী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি মীর নাসির হোসেন, এফবিসিসিআইয়ের আরেক সাবেক সভাপতি ও নোয়াবের সহসভাপতি এ কে আজাদ, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক গবেষণা পরিচালক জায়েদ বখত, বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, বাংলাদেশ প্লাস্টিক শিল্প মালিকদের সংগঠন বিপিজিএমইএর সাবেক সভাপতি শামিম আহমেদ, মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন মোনেম। উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির।
আলোচনার শুরুতে প্রারম্ভিক বক্তব্যে অনুষ্ঠানের সঞ্চালক ও নোয়াব সভাপতি মতিউর রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন বেসরকারি খাতনির্ভর। তাই বেসরকারি খাতের প্রসার ছাড়া অর্থনীতির কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। বেসরকারি বিনিয়োগ বাড়াতে হলে প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে সবার আগে। এ সময় তিনি সংবাদপত্রকে শিল্পের মর্যাদা দেওয়ায় শিল্পমন্ত্রীসহ সরকারকে সাধুবাদ জানান। তিনি বলেন, ‘সংবাদপত্র হিসেবে আমরা অসংগতি ও সমস্যার কথা যেমন বলি, তেমনি অর্জনগুলোকে তুলে ধরতে চাই।’
আলোচনায় অংশ নিয়ে আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান বলেন, অতীতের শিল্পনীতিগুলোর বাস্তবায়ন খুব একটা হয়নি বলে এ নীতির বাস্তবায়ন নিয়েও ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তাদের মধ্যে সংশয় রয়েছে।
এ কে আজাদ বলেন, ‘শিল্পনীতির বাস্তবায়ন নিয়ে আমি খুবই দ্বিধান্বিত। এ নীতি বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয়ের ভূমিকা কী হবে, সেটিও আমাদের সামনে পরিষ্কার না। আমরা চাই শিল্পনীতি বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয় কার্যকর ভূমিকা পালন করুক। প্রয়োজনে দেশের বিভিন্ন ব্যবসায়ী চেম্বার ও অ্যাসোসিয়েশনের সমন্বয়ে একটি “সমন্বয় কেন্দ্র” করা হোক। আর তিন মাস পর পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়ন অগ্রগতি নিয়ে সভার আয়োজন করা হোক।’
এ সময় একাধিক ব্যবসায়ী নেতা ও শিল্প উদ্যোক্তা শিল্প মন্ত্রণালয়ের বর্তমান ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁরা বলেন, শিল্প মন্ত্রণালয় শিল্পনীতি করলেও ব্যক্তি খাতের শিল্পের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের খুব বেশি যোগসূত্র নেই।

প্রথম আলো কার্যালয়ে গতকাল নোয়াব আয়োজিত ‘কেমন চাই জাতীয় শিল্পনীতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারীরা l ছবি: প্রথম আলো
প্রথম আলো কার্যালয়ে গতকাল নোয়াব আয়োজিত ‘কেমন চাই জাতীয় শিল্পনীতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারীরা l ছবি: প্রথম আলো

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, দীর্ঘদিন ধরে শিল্প মন্ত্রণালয় একটি ধারায় চলে আসছে। চাইলেই সেখান থেকে বেরিয়ে আসা সহজ নয়। ধীরে ধীরে এগোতে হবে। এ সময় তিনি বলেন, শিল্পনীতি বাস্তবায়নের ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের যেসব করণীয় রয়েছে, সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা হবে। এ ছাড়া দেশে শিল্প বিনিয়োগের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করতে মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
শিল্পমন্ত্রী জানান, সরকারের উদ্যোগে ইরানে একটি গ্যাসভিত্তিক সার কারখানা প্রতিষ্ঠার ব্যাপারে ইরান সরকারের সঙ্গে আলোচনা চলছে।
বিটিএমএ সভাপতি তপন চৌধুরী বলেন, ‘প্রস্তাবিত শিল্পনীতিতে প্রাইমারি টেক্সটাইল খাতকে অগ্রাধিকার তালিকাতেই রাখা হয়নি। এ ছাড়া শিল্পনীতিতে বিভিন্ন শিল্পে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তব চিত্রটি একেবারে ভিন্ন। শিল্প গড়তে গিয়ে আমাদের পদে পদে হয়রানির মুখে পড়তে হচ্ছে।’ তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে ওয়ানস্টপ বা এককেন্দ্রিক সেবার কথা বলা হয়। কিন্তু উদ্যোক্তাদের কিছু করতে গেলেই দ্বারে দ্বারে ঘুরতে হয়।
এ বিষয়ে এ কে আজাদ তাঁর বক্তব্যে অভিযোগ করেন, আগে বিভিন্ন সরকারি কার্যালয়ে নিম্ন স্তরের কর্মকর্তারা কোনো ফাইল আটকে রাখলে ওপর মহলে সেই অভিযোগ করলে দ্রুত কাজ হতো। আর এখন উল্টোটা হচ্ছে। অভিযোগ করলে ফাইলই আর নড়ে না। সরকারি দপ্তরে দুর্নীতি ও হয়রানি উভয়ই বাড়ছে।
শিল্পনীতি নিয়ে শিল্পসচিব তাঁর বক্তব্যে বলেন, প্রস্তাবিত শিল্পনীতি বাস্তবায়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গঠন করা হয়েছে তিনটি কমিটি। একটি কমিটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিল্পনীতি যেন শুধু শিল্প মন্ত্রণালয়ের নীতি না হয়ে সব মন্ত্রণালয়ের সমান অংশগ্রহণ থাকে, সে জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই কর্মপরিকল্পনা ঠিক করা হয়েছে।
শিল্প বিকাশের পথে ব্যাংকের উচ্চ সুদকে অন্যতম বাধা হিসেবে উল্লেখ করেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, প্রস্তাবিত শিল্পনীতিতে বড় বড় শিল্পকারখানা গড়ে তোলার কথা বলা হয়েছে। কিন্তু বর্তমান সুদহার দিয়ে কোনো অবস্থাতেই দেশে বৃহৎ শিল্প গড়ে তোলা সম্ভব নয়। কারণ, প্রতিযোগিতামূলক বাজারে এখন যেকোনো শিল্পে ৫ শতাংশের বেশি মুনাফা করা খুবই কঠিন কাজ। সেখানে যদি ১২-১৩ শতাংশ ব্যাংকঋণের সুদ গুনতে হয়, তাহলে কোনো দিনই শিল্প গড়ে উঠবে না। তিনি শিল্পনীতির বাস্তবায়ন নিশ্চিত করতে এটিকে আইনে রূপ দেওয়ার দাবি জানান।
জায়েদ বখত তাঁর বক্তব্যে বলেন, ‘অতীত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, সরকারি নীতিতে সব পক্ষের সব দাবিকে যুক্ত করতে গিয়ে আসল ফোকাসটাই হারিয়ে যায়। এ ছাড়া শিল্পনীতির বাস্তবায়নে বাস্তব কোনো কর্মপরিকল্পনা নেই।’ শিল্প খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দেশে তথ্য-উপাত্তের চরম ঘাটতি রয়েছে বলেও উল্লেখ করেন এই গবেষক। তিনি অভিযোগ করেন, একমাত্র সরকারি সংস্থা শিল্প-সংক্রান্ত যেসব তথ্য-উপাত্ত ব্যবহার করে, সেগুলো বিভ্রান্তিকর। তাই কোনো বিষয়ে কোথাও সঠিক কোনো তথ্য পাওয়া যায় না।
এ পরিপ্রেক্ষিতে মীর নাসির হোসেন বলেন, ‘তথ্য-উপাত্তের অভাবে আমাদের দেশে কোনো ধরনের গবেষণা ছাড়া একটির দেখাদেখি একাধিক শিল্প গড়ে তোলা হয়। এর ফলে দেখা যায়, একই খাতে ওভারলোডেড শিল্প গড়ে ওঠে। শেষে গিয়ে পুরো খাতটিই হুমকিতে পড়ে।’
সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান বলেন, ‘আমরা শিল্প উদ্যোক্তা এখন কোনো শিল্প গড়তে গেলে তার জন্য ভালো জমি কিনতেই দু-তিন বছর সময় লেগে যায়। কোথাও নিষ্কণ্টক জমি পাওয়া যায় না। তাই শিল্পের উন্নয়নের স্বার্থে প্রযুক্তির ব্যবহার করে এখন জমির মালিকানা-সংক্রান্ত একটি ডেটাবেইস গড়ে তোলা উচিত।’ বিশ্ববাজারে তেলের কম দামের সুযোগকে দীর্ঘ মেয়াদে কাজে লাগানোর জন্য এ দেশের ব্যক্তি উদ্যোক্তাদের বিদেশে তেলের খনি কেনার সুযোগ করে দেওয়ার পরামর্শ দেন।
সিপিডির গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরকারের অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে সমন্বয়হীনতার কারণে শিল্পনীতি এখন শুধু শিল্প মন্ত্রণালয়ের নীতিতে পরিণত হতে চলেছে। আইনগত বাধ্যবাধকতা না থাকায় এ নীতির যথাযথ বাস্তবায়ন হয় না। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত লোকসানি শিল্পগুলোর বিষয়ে সরকারকে এখনই নীতিগত সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ, সেগুলোর কোনোভাবেই প্রতিযোগী-সক্ষম করা যাচ্ছে না। ভবিষ্যতের বিশ্ববাজার সুবিধার কাঠামোকে মাথায় রেখে এখন থেকে শিল্পগুলোকে প্রস্তুত করার পরামর্শ দেন তিনি।
শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সলিমউল্লাহ জানান, প্রস্তাবিত শিল্পনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ও একক অঙ্কের ব্যাংকঋণের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া অনুষ্ঠানে নোয়াবের পক্ষ থেকে মতিউর রহমান চৌধুরী, সংবাদপত্রের নিউজপ্রিন্টের ওপর উচ্চ হারে ট্যাক্স ও ভ্যাট আরোপের বিষয়টি তুলে ধরে তা কমানোর দাবি জানান। তিনি আরও বলেন, একদিকে সরকারকে উচ্চ কর দিতে হচ্ছে, অন্যদিকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কাছে বিপুল পরিমাণ বিজ্ঞাপন বিল বকেয়া পড়ে আছে।
আলোচনার শেষ পর্যায়ে শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, শিল্পনীতি নিয়ে আর আলোচনার সুযোগ না থাকলেও সভায় আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রস্তাবিত নীতিতে অন্তর্ভুক্ত করা হবে। যেসব গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে, সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে বলেও তিনি জানান।