ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে আব্দুল মোমেন
আমলাতন্ত্রের কারণে বিদেশে বাংলাদেশের মিশন ব্যর্থ হচ্ছে
বিদেশে বাংলাদেশের মিশনগুলোর ব্যর্থ হওয়ার অন্যতম কারণ আমলাতন্ত্র। মিশনপ্রধানেরা আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রয়োজনের সময় সরকারপ্রধানের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের নবনির্বাচিত চেয়ারম্যান এবং জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে আব্দুল মোমেন। নগরের চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) সম্মেলনকক্ষে সম্প্রতি অনুষ্ঠিত এক সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ‘শেয়ারবাজার হচ্ছে সাধারণ জনগণের জন্য বিনিয়োগের জায়গা। চট্টগ্রাম শেয়ারবাজারের ভবিষ্যৎ ভালো হলেও এখানে একধরনের আস্থাহীনতা বিরাজ করছে। আমাদের সেই আস্থা অর্জন করতে হবে।’
অনুষ্ঠানের শুরুতে আব্দুল মোমেনকে ক্রেস্ট আর ফুল দিয়ে বরণ করে নেন সিআইইউর উপাচার্য মাহফুজুল হক চৌধুরী। পরে তিনি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিআইইউর প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. রেজাউল হক খান, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক নুরুল আবসার, ব্যবসায় অনুষদের উপদেষ্টা অধ্যাপক এম আইয়ূব ইসলাম, আইন অনুষদের সমন্বয়ক অধ্যাপক মো. জাকির হোসেন, ফিন্যান্স বিভাগের প্রধান সৈয়দ মনজুর কাদের প্রমুখ। বিজ্ঞপ্তি