আমলাতান্ত্রিক জটিলতা, নিরাপত্তাহীনতা বিনিয়োগে বড় বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা, সরকারের অসহযোগিতা এবং বিনিয়োগে নিরাপত্তাহীনতাকে বড় বাধা বললেন প্রবাসীরা। 

আজ সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘প্রবাসী ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শিরোনামে প্রবাসী বাঙ্গালী কল্যাণ সমিতি আয়োজিত মুক্ত আলোচনা সভায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাঙালিরা এ অভিযোগ করেন।
আলোচনা সভায় প্রবাসীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দেশে বিনিয়োগে অনেক জটিলতা, একটি কোম্পানি কিংবা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স জোগাড় করতেই অবস্থা খারাপ হয়ে যায়। এ সময় তারা অন্যান্য উন্নত দেশের মতো বাংলাদেশেও ওয়ান স্টেপ সার্ভিস চালুর দাবি জানান।
প্রবাসীদের একটি সংগঠন অয়েভা এর সাংগঠনিক সম্পাদক রিপন ফকির বলেন, প্রবাসীদের বিনিয়োগ করার নির্দিষ্ট খাত থাকলে ভালো হতো। বিনিয়োগের জন্য খাতগুলো স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনার প্রধান বক্তা হবিগঞ্জের জেলা প্রশাসক মুশফিক হোসেন চৌধুরী বলেন, ‘চীন, কোরিয়ার মতো বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে কোটি কোটি টাকা বিনিয়োগ করে ব্যবসা করছে, মুনাফা পাচ্ছে। অথচ আপনারা নিজ দেশে বিনিয়োগে কেন এত ভয় পাচ্ছেন?’ তিনি বৃহত্তর সিলেট অঞ্চলকে বিনিয়োগের বিশাল ক্ষেত্র উল্লেখ করে বলেন, ‘সিলেটে অনেক বহুজাতিক কোম্পানি ইতিমধ্যে বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছে। এই বিনিয়োগকারী কোম্পানিগুলো বিদেশের। কোম্পানিগুলো যাদের ‘সাব কন্ট্রাক্ট’ দিয়েছে তারাও সিলেটের স্থানীয় কেউ নন। আপনারা নিজেদের প্রবাসী বলে আলাদা করছেন কেন?’
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রধান সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোর্শেদ বলেন, বাংলাদেশের বাস্তবতা অনেক কঠিন, ব্যবসা করা তো আরও কঠিন। এ দেশে ব্যবসা করতে হলে এখানকার পরিস্থিতি ও জনসাধারণের মানসিকতা বুঝতে হবে। বিশ্বের সব স্থানেই প্রতারক চক্র কমবেশি আছে উল্লেখ করে তিনি বিনিয়োগকারীদের এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন।
প্রবাসী বাঙ্গালী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান বজলু চৌধুরী বলেন, এই আলোচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হলেও তারা কেউ এখানে উপস্থিত নেই। সরকার প্রবাসীদের প্রতি উৎসাহী হলে প্রবাসীদের বিনিয়োগের অর্থ দিয়েই দেশ পরিচালনা সম্ভব।