আমলাতান্ত্রিক জটিলতায় জমি অধিগ্রহণই হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমলাতান্ত্রিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে আটকে আছে নাটোর মুখ্য বিচারিক হাকিম ভবনের নির্মাণকাজ। এখন পর্যন্ত ভবন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়নি।২০০৭ সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হওয়ার পর সরকার দেশের অন্যান্য জেলার মতো নাটোরেও মুখ্য বিচারিক হাকিমের জন্য আলাদা ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করে। ২০১০ সালের শুরুতে জেলার গণপূর্ত বিভাগ এ প্রকল্পের কাজ শুরু করার উদ্যোগ নেয়। ভবন নির্মাণের জন্য জমি অধিগ্রহণের দায়িত্ব দেওয়া হয় নাটোরের জেলা প্রশাসনকে। কিন্তু আজ পর্যন্ত জমি নির্বাচন করা হয়নি। অথচ একই সময়ের এ প্রকল্পের অধীনে দেশের অনেক জেলায় এ ভবন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।এদিকে এজলাস (বিচারকক্ষ) সংকটের কারণে জেলার লালপুর, বড়াইগ্রাম ও বাগাতিপাড়া উপজেলার আমলি আদালতসহ অন্য দুজন বিচারিক হাকিমের এজলাস জেলা প্রশাসক ভবনের নিচতলার দুটি কক্ষে চালু রয়েছে। এসব এজলাস জাজশিপ ভবনের বাইরে হওয়ায় বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবার জাজশিপ ভবনের ছোট দুটি কক্ষে একাধিক আদালতের এজলাস চলায় বিচারক, আইনজীবী ও কর্মচারীদের গাদাগাদি করে বসতে হচ্ছে। প্রায় সময়ই আইনজীবীদের দাঁড়িয়ে থেকে বিচারকাজে অংশ নিতে হচ্ছে।গত রোববার লালপুর উপজেলা আমলি আদালতে আসা বিচারপ্রার্থী মজিবর রহমান বলেন, ৫০ কিলোমিটার দূর থেকে আদালতে এসে সারা দিন এজলাসে দাঁড়িয়ে থাকতে হয়। কক্ষের অভাবে দেরিতে বিচারকাজ শুরু হয়। শেষ হতে হতে অনেক সময় সন্ধ্যা লেগে যায়।জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল কাদের বলেন, ‘এজলাস-সংকটের কারণে পুরো বিচারপ্রক্রিয়ার গতি থেমে গেছে। আমরা অনেকবার জেলা প্রশাসককে মুখ্য বিচারিক হাকিম ভবন নির্মাণের জন্য জমি অধিগ্রহণের তাগিদ দিয়েছি। কিন্তু তিনি কার্যকর কোনো পদক্ষেপ আজও নেননি।’ গণপূর্ত বিভাগ নাটোরের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন দেওয়ান বলেন, ‘ওই ভবন নির্মাণের জমি নির্বাচন ও অধিগ্রহণের দায়িত্ব জেলা প্রশাসনের। জেলা প্রশাসন থেকে এর আগে জেলা নির্বাচন কার্যালয়-সংলগ্ন সমবায় সমিতির জমি নির্বাচন করে আমাদের চিঠি দিয়েছিল। আমরা সেই মোতাবেক নকশা প্রস্তুত করেছি। তবে সম্প্রতি আমরা জানতে পেরেছি, জেলা প্রশাসন জমি নির্বাচন এখনো চূড়ান্ত করতে পারেনি।’ এখনো পর্যন্ত জমি নির্বাচন করতে না পারার কথা স্বীকার করে জেলা প্রশাসক মো. জাফর উল্লাহ বলেন, ‘প্রাথমিকভাবে সমবায় সমিতির জমিটি নির্বাচন করা হলেও আমার আগের প্রশাসকেরা সমবায় মন্ত্রণালয়ের অনুমতি নেননি। যোগদানের পরপরই আমি এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছি। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।’