আমলানির্ভর আগের পরিচালনা পর্ষদই বহাল বিমানের
এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ আবারও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়।
সামরিক-বেসামরিক আমলানির্ভর আগের পরিচালনা পর্ষদের আগের সব সদস্যকেই বহাল রাখা হয়েছে। পর্ষদের বাকি সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ, অর্থসচিব মাহবুব আহমেদ, বিমান মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, বিমানবাহিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরার, সেনাবাহিনীর প্রকৌশল শাখার প্রধান মেজর জেনারেল আবদুল কাদির, বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, বিমানের এমডি কেইল হেইউড, আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. কামাল উদ্দিন ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শাহ মো. জাকারিয়া ভূঁইয়া। তাঁদের মধ্যে শেষ তিনজন ছাড়া অন্যরা সবাই পদাধিকারবলে সদস্য হয়েছেন।
প্রসঙ্গত, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিমানবাহিনীর সাবেক প্রধান জামাল উদ্দিনকে চেয়ারম্যান করে বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদ গঠন করা হয়। এরপর বিমান আবার লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়। এরপর বিমান আর লাভের মুখ দেখেনি।
এক বছর মেয়াদি এই পর্ষদের মেয়াদ শেষে নিয়মানুযায়ী গত ৩১ ডিসেম্বর ভেঙে দেওয়া হয়। এরপর যথারীতি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী প্রধানমন্ত্রী নতুন পরিচালনা পর্ষদ অনুমোদন করেন।