আমলারা চান না অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন হোক: সুরঞ্জিত
অর্পিত সম্পত্তি নিয়ে ১৯৬৫ সাল থেকে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছেন আমলারা। তাঁরাই চান না অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন হোক।‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ২০০১-এর সংশোধন-বিষয়ক সর্বশেষ অবস্থা এবং ভুক্তভোগী মানুষের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এ অভিযোগ তোলেন।এলআরডি, আইন ও শালিস কেন্দ্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ব্লাস্ট, অর্পিত সম্পত্তি প্রতিরোধ আন্দোলন, সম্মিলিত সামাজিক আন্দোলন, এইচডিআরসি ও নিজেরা করি—এই আটটি বেসরকারি সংগঠন গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই বৈঠকের আয়োজন করে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ২০০১ সালে আওয়ামী লীগের শাসনামলে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন করা হয়েছিল। পরে বিএনপি ক্ষমতায় এসে সেটি বাস্তবায়ন না করে অকার্যকর করে রাখে। তিনি প্রশ্ন করেন, ২০০১ সালে করা এই আইন কার্যকর না করে এখন কেন নতুন করে আইন করা হচ্ছে? আর বর্তমান সরকারের আড়াই বছর হয়ে গেলেও কেন আইনটি হলো না?সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ আইন করা যত কঠিন, বাস্তবায়ন করা আরও কঠিন। অদৃশ্য ওই শক্তি জানে, এখন আইন করলেও আগামী দুই বছরে সরকারের পক্ষে এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। এ কারণেই এতদিন আইনটি করতে দেওয়া হয়নি। তিনি বলেন, অর্পিত সম্পত্তি নিয়ে ১৯৬৫ সাল থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি সুবিধা নিয়েছেন আমলারা। তাঁরাই চান না এই আইন হোক।অনুষ্ঠানে উপস্থিত ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হকের প্রতি প্রশ্ন রেখে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এতদিনেও কেন আপনি এ সংক্রান্ত বিলের ব্যাপারে প্রতিবেদন দেননি?’ তিনি এবার প্রতিবেদনটি সংসদে উপস্থাপনের জন্য অনুরোধ জানান।বৈঠকে আ ক ম মোজাম্মেল হক বলেন, অর্পিত সম্পত্তি আইন একটি ঘৃণ্য ও কালো আইন। যারা কখনো দেশ ছাড়েনি, তাদের সম্পত্তিও দখল করা হয়েছে। সংখ্যালঘুরা এ আইন নিয়ে যন্ত্রণায় আছে। শিগগিরই প্রত্যর্পণ আইনটি সংসদে উপস্থাপন করা হবে। সংশ্লিষ্ট সবার মতামত নিয়েই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, ‘সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা না করে এই বিল সংসদে তোলা উচিত হবে না। ১৯৫২ সাল থেকে আমরা স্বপ্ন দেখে আসছি, বাংলাদেশ হবে এমন একটি দেশ, যেখানে সবার সমান সম্মান থাকবে। আওয়ামী লীগ যদি কথা রাখতে না পারে, তাহলে আমাদের বলুক যে আমরা নির্বাচনে জেতার জন্য এসব বলি, পরে ভুলে যাই।’ তিনি বলেন, গোলাম আজমকে যদি নাগরিকত্ব দেওয়া যেতে পারে, তাহলে অত্যাচারিত হয়ে অন্য দেশে গেলে তাদের সম্পত্তি কেন দখল হয়ে যাবে?সাংসদ রাশেদ খান মেনন বলেন, তরুণ বয়স থেকে প্রত্যর্পণ আইন নিয়ে কথা হচ্ছে। দুঃখের বিষয়, এখনো এ বিষয় নিয়েই কথা বলতে হচ্ছে। তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা করে দ্রুত এই বিলটি পাস হওয়া উচিত। বিলে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা না হলে আবারও তার বিরোধিতা করবেন বলে জানান তিনি।বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সি আর দত্ত। প্রত্যর্পণ আইন না হওয়ায় মানুষের দুর্ভোগ ও যন্ত্রণার কথা তুলে ধরেন কামাল লোহানী, অধ্যাপক অজয় রায়, সৈয়দ আবুল মকসুদ, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়, সাধারণ সম্পাদক তোবারক হোসেন, সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেজবাহ কামাল প্রমুখ।