সরকারের আমলাদের কারণে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি আইন বাস্তবায়ন করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
মানবেন্দ্র নারায়ণ (এমএন) লারমার ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত এক স্মরণসভায় মন্ত্রী এই মন্তব্য করেন। মানবেন্দ্র নারায়ণ লারমার ৩২তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি এই সভার আয়োজন করে। সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের দাবি জানান।
সভায় মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিক। এখানে প্রশাসনিক কিংবা অন্য কোনো সমাধান নেই। পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়নই হবে এই সমস্যার একমাত্র সমাধান। তিনি বলেন, ‘ভূমি নিষ্পত্তি কমিশন আইন সংসদে এখন পর্যন্ত ঝুলে আছে। এমনকি প্রধানমন্ত্রী নিজে এ ব্যাপারে হস্তক্ষেপ করছেন, নিজে আইন সংশোধন করে দিচ্ছেন। কিন্তু আমলারা সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে আবার সেটাকে টেনে আগের জায়গায় নিয়ে যাচ্ছেন।’ রাশেদ খান মেনন আরও বলেন, জিয়াউর রহমান পাহাড়ে বাঙালীকরণ করার মধ্য দিয়ে সেখানকার জনসংখ্যার ভারসাম্যকে নষ্ট করার যে প্রক্রিয়া শুরু করেছিলেন, সেটা অব্যাহত রয়েছে।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, একুশে ফেব্রুয়ারি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীর মাতৃভাষার স্বীকৃতি পাওয়ার দিন হচ্ছে একুশে ফেব্রুয়ারি। আর যে দেশ থেকে এই আন্দোলনের সূত্রপাত, সে দেশের কিছুসংখ্যক মানুষ নিজেদের মাতৃভাষায়, সংস্কৃতিতে ও পরিচয়ে বাঁচতে পারছে না।
লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতি যাঁরা মন থেকে বিশ্বাস করতেন, তাঁদের মধ্যে এমএন লারমা অন্যতম। তাঁকে শান্তিপূর্ণ আন্দোলনের পরিবর্তে ঠেলে দেওয়া হয়েছে উগ্রবাদের দিকে। এত বছরেও পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কেন হলো না, সেটা খতিয়ে দেখতে উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি করে পর্যালোচনা করা উচিত।
মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে স্মরণসভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মনজুরুল আহসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, পার্বত্য জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা বক্তব্য দেন।