আমলীগোলা পার্ক বলতে কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালবাগের আমলীগোলা পার্কে এখন কিছুই নেই। কমিউনিটি সেন্টারের জিনিসপত্র রাখা, আবর্জনায় ভরা। পার্কে রাখা হয় ব্যক্তিগত গাড়ি।
গতকাল সোমবার দুপুরে গিয়ে দেখা যায়, জং ধরা একটি গেট। তার ওপর বিভিন্ন ধরনের ব্যানার টানানো। গেটের বাইরে চা, ঝালমুড়ি, চটপটির দোকান। ভেতরে ঢুকতে বাঁ পাশে উঁচু মাটি-সুরকির ঢিবি। হাতে গোনা কয়েকটি দেবদারুগাছ। তার নিচে বসে গল্প করছেন কয়েকজন। ক্রিকেট খেলছে কয়েকটি ছেলে। পার্কের জায়গাটি ছোট। মাঝখানে একটি ভাঙা চত্বর। খোঁজ নিয়ে জানা গেল, এটি একসময় ফোয়ারা ছিল। ডান দিকে অনেক বাঁশ রাখা। ছড়িয়ে-ছিটিয়ে আরও অনেক ভাঙা জিনিসপত্র পড়ে আছে।
পার্কের ভেতরে দোতলা একটি ভবন। এর নিচের তলায় লালবাগ কমিউনিটি সেন্টার। কমিউনিটি সেন্টারের অনেক জিনিসপত্রই পার্কে রাখা। ভাঙা টেবিল, শ্যালো মেশিন, ভ্যানসহ নানা জিনিস পড়ে আছে। পুরো পার্কটিই আবর্জনায় ভরা। কমিউনিটি সেন্টারের সামনের অংশে পানি পড়ে স্যাঁতসেঁতে অবস্থা।
খেলতে থাকা রুবেল হোসেন বলেন, ‘এইখানে ভালো কইরা খেলন যায় না। মাঝে-মইদ্যে অনুষ্ঠান হয়। পাশের মাঠে জায়গা না পাইলে এইখানে আসি।’
পার্কের ভেতরে আছে আজাদ মুসলিম পাবলিক লাইব্রেরি। এর গ্রন্থাগারিক আনসার উদ্দিন বলেন, অনেক বছর আগে এখানে সারি সারি দেবদারুগাছ ছিল। বাচ্চাদের খেলার ব্যবস্থা ছিল।
দেখা যায়, পার্কের ভেতরে দুটি ব্যক্তিগত গাড়ি রাখা। স্থানীয় একজন বললেন, আশপাশের অনেকেই তাঁদের ব্যক্তিগত গাড়ি পার্কে এনে রাখেন। বিভিন্ন সময়ে কমিউনিটি সেন্টারের অনুষ্ঠানের জন্য শামিয়ানাও টানানো হয়। পার্ক বলতে বিশেষ কিছু না থাকলেও স্থানীয় ব্যক্তিরা জায়গাটিকে আমলীগোলা পার্ক নামেই চেনেন।
পার্কটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের অধীন। কাউন্সিলর মোশাররফ হোসেন বলেন, ‘এটা মূলত পার্ক না। আশি-চুরাশির দিকে আমি গাছ লাগিয়েছিলাম, কিছু বেঞ্চ বানিয়ে দিয়েছিলাম। এরপর যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা কী করেছেন জানি না।’
কাউন্সিলর বলেন, পাশেই খেলার মাঠ আছে। এখানে বহুতল কমিউনিটি সেন্টার করা হবে। জায়গা থাকলে তখন হয়তো বসার বেঞ্চ বানাতে পারেন।