আমলীগোলার মাঠ বেহাল

পুরান ঢাকার লালবাগের আমলীগোলার আজাদ মুসলিম মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। মাঠটিতে নামলেই কাদামাটিতে পা দেবে যায়। বৃষ্টি হলে তো কথাই নেই।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমলীগোলার নির্মাণাধীন একটি বাড়ির পাইলিংয়ের কাদামাটি মাঠে ফেলা হয়েছে। এতেই মাঠে কাদার সৃষ্টি হয়েছে। প্রায় দুই মাস ধরে মাঠটিতে খেলাধুলা করা যাচ্ছে না। এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। নির্মাণাধীন বাড়িটি ২৫ নম্বর ওয়ার্ডের সীমানায় পড়েছে।
জানতে চাইলে ডিএসসিসির ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ডিএসসিসির অনুমতি না নিয়ে ওই মাঠে কাদামাটি ফেলা হয়েছে৷ এতে মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে গেছে। এখন মহল্লার শিশু-কিশোরেরা খেলাধুলা করতে পারছে না। তবে মাটি ফেলার আগে বৃষ্টিতে মাঠে তেমন পানি জমত না। তিনি বলেন, প্রায় ২ হাজার ৪০৪ বর্গমিটার আয়তনের পার্কটি সংস্কারে ইতিমধ্যে ৫৭ লাখ টাকা অনুমোদন দিয়েছে ডিএসসিসি। কিছুদিনের মধ্যেই দরপত্র আহ্বান করার কথা। সংস্কারের মাধ্যমে মাঠটির আধুনিকায়ন করা হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, লালবাগের জগন্নাথ সাহা রোডের আজাদ মুসলিম পাবলিক লাইব্রেরি দক্ষিণ পাশে আছে আমলীগোলা খেলার মাঠ। চারপাশে হাঁটার পথ থেকে মাঠটি প্রায় এক ফুট নিচু। মাঠের দক্ষিণাংশে প্রায় অর্ধেক বৃষ্টির পানিতে সয়লাব হয়ে আছে। মাঠের উত্তর-দক্ষিণ ও পশ্চিম অংশে ৮ থেকে ১০ ইঞ্চি পরিমাণ কাদা। মাঠের পূর্ব পাশের এক কোণে ফুটবল খেলছে কয়েকজন শিশু-কিশোর। কাদার মধ্যেই খেলা করছে কয়েকটি শিশু। পশ্চিম অংশে ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা। নির্মাণাধীন বাড়ির পাইলিংয়ের কাদাপানি একটি পাইপ দিয়ে মাঠের মধ্যে ফেলা হচ্ছে। এই পানি মাঠের পশ্চিম পাশে ছোট একটি নালা দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নির্মাণাধীন বাড়িতে গিয়ে মালিকপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি। নির্মাণাধীন বাড়ির সামনেও কোনো সাইনবোর্ড নেই। কয়েকজন শ্রমিককে কাজ করতে দেখা গেছে৷ তবে তাঁরা বাড়ির মালিকের নাম-ঠিকানা বলতে রাজি হননি৷
ওই মাঠে নিয়মিত খেলাধুলা করতেন আমলীগোলা বড় মসজিদের গলির বাসিন্দা মিজানুর রহমান। তিনি বলেন, মাঠে মাটি ফেলার পর এক দিন বৃষ্টি হলে সাত দিন মাঠে খেলাধুলা করা যায় না। এভাবে চলতে থাকলে বর্ষা মৌসুমে মহল্লার শিশু-কিশোরেরা খেলাধুলা থেকে বঞ্চিত হবে। তাই অবিলম্বে মাঠটি কাদামাটিমুক্ত করা দরকার।
আমলীগোলার কয়েকজন বাসিন্দা জানান, নির্মাণাধীন এই জমির মালিক আনোয়ার ও আরশাদ নামের দুই ব্যক্তি। তাঁরা একটি ডেভেলপার কোম্পানিকে ওই বাড়ি নির্মাণের কাজ দিয়েছেন৷ প্রায় তিন মাস আগে বাড়ির নির্মাণকাজ শুরুর পর থেকেই পাইলিংয়ের মাটি খুঁড়ে ওই মাঠে ফেলা হচ্ছে৷ অনেক খুঁজেও আনোয়ার ও আরশাদের মুঠোফোন নম্বর পাওয়া যায়নি৷
আজাদ মুসলিম ওয়েল ফেয়ার কমপ্লেক্সের মহাসচিব আলতাব হোসেন বলেন, সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে মাঠটির সৌন্দর্য হারিয়ে গেছে। অথচ মহল্লার শিশু-কিশোরদের খেলাধুলার জন্য মাঠটি অনেক জরুরি।