আমাকে গভর্নর করার প্রস্তাব ছিল: বারকাত
‘আমাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি তখন তিনটি শর্ত দিই। প্রথম শর্ত ছিল, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে যে আইএমএফের কার্যালয় রয়েছে, তাদের এক মাসের নোটিশ দিয়ে সেখান থেকে চলে যেতে বলব।’
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ আবুল বারকাত গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তৃতায় এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মানবেন্দ্র নারায়ণ লারমার ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আবুল বারকাত বলেন, ‘আমার ওই প্রথম শর্ত শুনেই বলা হলো, থাক আর বাকি শর্তগুলো শুনতে হবে না। আমারও গভর্নর হওয়া হলো না।’
আবুল বারকাত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কার্যালয় প্রসঙ্গে আরও বলেন, ‘আফ্রিকার কোনো জঙ্গলের দেশের প্রধান কার্যালয়েও আইএমএফের কার্যালয় নেই। বাংলাদেশ ব্যাংকের মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা শোভা পায়। তার নিচে আইএমএফের মতো প্রতিষ্ঠানের কার্যালয় থাকতে পারে না।’
বক্তৃতার একপর্যায়ে আবুল বারকাত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তাঁর সাম্প্রতিক দ্বন্দ্বের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আমি তাঁকে মিথ্যুক বলেছি। জাতীয় প্রেসক্লাবে তাঁর ব্যাপারে এক ঘণ্টা বলেছি। তবে যা বলেছি তা মূল ঘটনার মাত্র ১০ শতাংশ। বাকি ৯০ শতাংশ রেখে দিয়েছি। সময় হলে বলব।’
আবুল বারকাত বলেন, ‘অর্থমন্ত্রী কথায় কথায় সবাইকে রাবিশ বলেন। কোনো মানুষকে এভাবে অসম্মান করে কথা বলা ঠিক না। কোনো মানুষকে কথায় কথায় আপনি রাবিশ বলতে পারেন না।’ তিনি অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘সাহস থাকলে সালমান এফ রহমানকে রাবিশ বলে দেখেন তো। এত সোজা না।’