আমাকে নামানোর ক্ষমতা কারও নাই: মায়া
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘আমাকে নামানোর ক্ষমতা কারও নাই। একমাত্র আল্লাহ ও শেখ হাসিনা ছাড়া কেউ আমাকে নামাতে পারবে না। অথবা আমি যদি নিজে না নামি।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মায়া এসব কথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘আমাকে নিয়ে অনেকে টানাহেঁচড়া করছেন। আমি তাঁদের দেখেছি, কিন্তু কিছুই বলিনি। এই টানাহেঁচড়া করে লাভ হবে না।’
নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে হত্যার ঘটনায় গত ৭ মে র্যাব-১১ এর সাবেক কমান্ডার ও মন্ত্রীর জামাতা তারেক সাঈদ মোহাম্মদসহ তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। ৯ মে এক বিবৃতিতে মায়া বলেছিলেন, ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত কারও সঙ্গে তাঁর পরিবারের কোনো সদস্যের সংশ্লিষ্টতা নেই। এরপর বিভিন্ন মহল মোফাজ্জল হোসেন চৌধুরীর মন্ত্রিসভা থেকে পদত্যাগের দাবি করে আসছেন।
সভায় হবিগঞ্জ সীমান্ত এলাকা থেকে অস্ত্র উদ্ধার করার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভূমিকার প্রশংসা করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজউদ্দিন মিয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম প্রমুখ।