আমাকে নামানোর ক্ষমতা কারও নাই: মায়া

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘আমাকে নামানোর ক্ষমতা কারও নাই। একমাত্র আল্লাহ ও শেখ হাসিনা ছাড়া কেউ আমাকে নামাতে পারবে না। অথবা আমি যদি নিজে না নামি।’
আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মায়া এসব কথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘আমাকে নিয়ে অনেকে টানাহেঁচড়া করছেন। আমি তাঁদের দেখেছি, কিন্তু কিছুই বলিনি। এই টানাহেঁচড়া করে লাভ হবে না।’
বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা মায়া বলেন, ‘২০১৯ সালের আগে তো নির্বাচন হবে না। ক্ষমতায় এসে বিচার করতে হলে, আপনাদের পাঁচ বছর অপেক্ষা করতে হবে। তাই আপনারা যদি জিয়া হত্যার বিচার চান, কালই আসুন। আমি আপনাদের সহযোগিতা করব।’
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বিএনপি জিয়া হত্যার বিচার করতে পারবে না। তাঁর বিচার করলে বিএনপির অনেক রাঘব বোয়াল বেরিয়ে আসবে। এ জন্য এই বিচার চাচ্ছেন না বা করছেন না।
সভায় হবিগঞ্জ সীমান্ত এলাকা থেকে অস্ত্র উদ্ধার করার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) স্যালুট জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার জন্য র্যাবকে বিলুপ্ত করার কথা বলা হচ্ছে। অথচ হবিগঞ্জ সীমান্তে র্যাব দক্ষতার সঙ্গে অস্ত্র উদ্ধার করেছে। আমি র্যাবকে স্যালুট জানাই।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজউদ্দিন মিয়ার সভাপতিত্বে বর্ধিতসভায় বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম প্রমুখ।