আমাকে নিয়ে খালেদার অনুতপ্ত হওয়া উচিত: হুদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রী নাজমুল হুদা
মন্ত্রী নাজমুল হুদা

বিএনপি সরকারের সাবেক মন্ত্রী নাজমুল হুদা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাজমুল হুদা বলেন, ‘আমাকে নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ক্ষোভ থাকার কথা না; বরং তাঁর অনুতপ্ত হওয়া উচিত। কেননা, আমি প্রথম সংলাপের কথা বলে শাস্তি পেয়েছিলাম। এখন সবাই সংলাপের কথা বলছে। তাই আমি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হতে চাই।’
বিএনপি থেকে পদত্যাগ ও বহিষ্কার সম্পর্কে প্রশ্ন করা হলে নাজমুল হুদা দাবি করেন, ওই পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাই কমিটিতে না থাকলেও তিনি দলের প্রাথমিক সদস্য হিসেবে আছেন।
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নাজমুল হুদা বলেন, ‘আমি তাদের সঙ্গে নেই। ওই দলটিও আমাকে বহিষ্কার করেছে। আমি বলতে চাই, আমি বিএনপির সঙ্গেই ছিলাম, আছি।’
নাজমুল হুদা বর্তমান সংবিধান সমুন্নত রেখে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, সংবিধানের ৫৫ (২) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী তাঁর নির্বাহী ক্ষমতা প্রধান নির্বাচন কমিশনারকে ন্যস্ত করবেন। আর ৭২ (১) অনুচ্ছেদের দ্বিতীয় শর্ত অনুযায়ী, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দেবেন। এতে করে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। এ ক্ষেত্রে শুধু প্রধানমন্ত্রীর সদিচ্ছা থাকলেই হবে।

প্রসঙ্গত, ২০১১ সালের নভেম্বরে বিএনপি থেকে বের হয়ে নাজমুল হুদা বিএনএফ গঠন করেন।