আমাকে সন্দেহ করবেন না: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘এই সরকার ব্যর্থ হলে আমিই প্রথম লোক, যাকে জেলে যেতে হবে, ফাঁসিতে ঝুলতে হবে। তাই আমাকে সন্দেহ করবেন না, আমাকে সঙ্গে রাখুন। কারণ দেশের স্বার্থেই মহাজোট সরকারকে এগিয়ে নিয়ে যেতে হবে। নইলে দেশ অন্ধকারে তলিয়ে যাবে।’দুপুরে ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে এরশাদ এসব কথা বলেন। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশনে এরশাদ আরও বলেন, দেশের উন্নয়নের স্বার্থেই মহাজোটকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ সরকারকে সফল করতে জাতীয় পার্টি সব সময় থাকবে। এরশাদের বাজেট বক্তৃতার সময় মহাজোটের সাংসদেরা টেবিল চাপড়ে তাঁকে অভিনন্দন জানান। ৪০ ঘণ্টার বাজেট আলোচনার সর্বশেষ বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগে বক্তব্য দেন তিনি। গত ১০ জুন সংসদে বাজেট পেশ করা হয়।গত রোববারের হরতালের সমালোচনা করে মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সাড়ে তিন বছর পর আবার অর্থনীতি ধ্বংসকারী হরতাল ফিরে এল। হরতাল সাংবিধানিক অধিকার। কিন্তু গাড়ি পোড়ানো, সরকারি কর্মকর্তাকে মারধর করাও কি গণতান্ত্রিক অধিকার? তিনি বাজেটে মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর ওপর কর না বসানোর আহ্বান জানান। এরশাদ বলেন, ‘রাজনৈতিক সিদ্ধান্তহীনতার কারণে অনেক মন্ত্রণালয়ের কাজ স্থবির। আমলাদের দোষ দিয়ে লাভ নেই, তাঁরা তো নানা মতের মানুষ। কিন্তু আমরা তো একই মতের মানুষ। তাই এ ব্যাপারে আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে।’ তিনি বলেন, ‘আমার সময় নূর হোসেন মারা গেছেন। কে তাঁকে হত্যা করেছে আমি জানি না। তাঁর জন্য একটি চত্বর করা হয়েছে। সেখানে ফুল দেওয়া হয়। কিন্তু গাইবান্ধায় যে সারের জন্য ১৮ জন কৃষক মারা গেছেন, তাঁদের কথা কেউ বলেন না। কারণ আমরা মফিজ, আমাদের জীবনের কোনো মূল্য নেই।’যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের কথা উল্লেখ করে এরশাদ বলেন, একসময় তিনি জাতীয় পার্টি করতেন। হয়তো তিনি এখান থেকে অনেক কিছু শিখেছেন। তিনি যমুনা সেতুর টোল কমানোর দাবি এবং কয়লা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান। খাবারে ভেজাল বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পেস্টিসাইডযুক্ত লালশাক খেয়ে তো সেদিন মরতে বসেছিলাম। তাই ভেজালকারীদের ব্যাপারে দয়া দেখানো যাবে না।’এরশাদ বলেন, রাজধানী ঢাকার ওপর থেকে মানুষের চাপ কমাতে প্রাদেশিক সরকারব্যবস্থা চালু করতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী প্রয়োজনে একটি সংসদীয় কমিটি গঠন করে দিতে পারেন। সরকারি দলের আমির হোসেন আমু বিরোধী দলের হরতাল চলাকালে উচ্ছৃঙ্খল ঘটনা প্রসঙ্গে বলেন, বিএনপি যে প্রশাসন সাজিয়ে গেছে তারই গতিধারা। তারা যেভাবে প্রশাসন সাজিয়ে গেছে, তাতে সরকার যতই রাশ টানুক, পুরোনো হেফজের কারণে এমন দু-একটা ঘটনা ঘটতেই পারে। মহীউদ্দীন খান আলমগীর বলেন, সম্পূরক বাজেট ব্যয় হওয়ার পর উত্থাপন করা হয়। কিন্তু এটা যদি করতেই হয়, তবে সংসদের অনুমিত হিসাব কমিটির মাধ্যমে বিশ্লেষণ করে তবেই উপস্থাপন করা উচিত। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার প্রস্তাবিত বাজেটকে বাস্তবতানির্ভর আখ্যায়িত করে বলেন, সরকারের প্রকল্প বাস্তবায়ন দ্রুত করা গেলে বাজেটের সুফল দেখা যাবে। তিনি সঞ্চয়পত্র থেকে প্রস্তাবিত কর প্রত্যাহারের আহ্বান জানান।পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান বলেন, ‘মির্জা আব্বাসের বাসায় র‌্যাবের হামলার আগেই সেখানে ক্যামেরা কীভাবে হাজির হয়? এটা একটা স্যাবোটাজ, আন্তকেন্দ্রীয় ষড়যন্ত্র। এ ঘটনার তদন্ত করে খুঁজে বের করতে হবে, এরা কারা?’বাজেট আলোচনায় আরও অংশ নেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, এলডিপির সভাপতি অলি আহমদ, শাহেদা তারেক, সিরাজুল আকবর, গোলাম মওলা, বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী প্রমুখ।