আমাদের অবশ্যই সন্তানদের যত্ন নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হক
আনিসুল হক

গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, এই ঘটনা যদি আর দু-একটা ঘটে, তবে এই দেশ সবদিক থেকেই নষ্ট হয়ে যাবে। রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কের গুলশান সোসাইটি কর্তৃক আয়োজিত আজ রোববার এক নাগরিক শোকসভায় মেয়র আনিসুল হক এ কথা বলেন।
মেয়র বলেন, ‘এ দুঃখ ভোলার নয়। আমাদের বাচ্চাগুলো চলে গেছে। আমাদের অতিথিরা চলে গেছে। আমাদের অবশ্যই সন্তানদের যত্ন নিতে হবে। খোঁজ নিতে হবে তারা কী করে।’
স্মরণসভায় সভাপতির বক্তব্যে সাবেক প্রধান নির্বাচন কমিশন এ টি এম শামসুল হুদা বলেন, ‘আমরা একা কিছু করতে পারব না। আমরা আজ সন্তানদের খোঁজ নিতে পারি না। পারিবারিক বন্ধন দৃঢ় করতে হবে। সন্তানদের সময় দিতে হবে। তাহলেই আমাদের সন্তানেরা বিপথে যাবে না।’
গুলশান সোসাইটির মহাসচিব ওমর সাদাত বলেন, ফারাজ আইয়াজ হোসেন প্রমাণ করেছেন যে দেশি ও বিদেশি বন্ধুদের জন্য এ দেশের মানুষ জীবন দিতেও পিছপা হন না।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, ‘আমরা আমাদের শিশুদের দিকে নজর দেব। তারা কী করছে, কোথায় যাচ্ছে। আর যাতে এই ধরনের কোনো ঘটনা না হয়, আমরা অঙ্গীকার করছি।’

নাগরিক ও সুশীল সমাজের ব্যক্তিরা নাগরিক শোকসভায় উপস্থিত ছিলেন। বিভিন্ন দূতাবাসের পক্ষ থেকে ফুল ও বার্তা পাঠিয়ে শোক প্রকাশ করা হয়।