যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে রাজনৈতিক অস্থিরতা আছে, সেটা একধরনের শত্রুতা। আর আসল শত্রু হচ্ছে বৃষ্টি। বৃষ্টি হলে আর কোনো কাজ করা যায় না। তার পরও এই বৃষ্টির ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব কাজ করা হবে।
গাজীপুরে বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে গতকাল শনিবার যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এখন আমাদের প্রধান কাজ তিনটি। রাস্তায় গর্ত হলে সঙ্গে সঙ্গে মেরামত করা, ফাটল দেখা দিলে সঙ্গে সঙ্গে ভরাট করা ও পানি জমলে দ্রুত বের করে দেওয়া। এ তিনটি কাজ আগামী তিন মাসের অগ্রাধিকারমূলক কাজ।’
মন্ত্রী গতকাল সকাল সাড়ে ১০টায় গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস সড়ক এলাকায় বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে বিএনপির সঙ্গে সরকারের সংলাপ আয়োজন প্রসঙ্গে প্রশ্ন করা হলে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমি সংলাপ প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলব না। কারণ, সংলাপের চেয়ে রাস্তাঘাটের সমস্যা এখন বড় সমস্যা। যোগাযোগমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব দুর্ভোগ কমিয়ে মানুষকে স্বস্তি দেওয়া, সংলাপটা আপনারা রাস্তায় আনবেন না।’মন্ত্রী বলেন, ‘আমি ১৬ মাসে ১৬ বছরের ছবি পরিবর্তন করতে পারব না। রাতারাতি ম্যাজিকের মতো কিছু করতে পারব না। পরিবর্তন হচ্ছে, আরও হবে। আমাকে আরও সময় দিতে হবে।