আমাদের উন্নয়ন উনি ধ্বংস করে দেবেন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘উনি এলে আমরা যা যা করেছি সব পাল্টে দেবেন। আমাদের উন্নয়ন সব উনি ধ্বংস করে দেবেন।’
আজ বৃহস্পতিবার জামালপুরে ইসলামপুর পৌরসভা মাঠে জনসভায়  বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড যেমন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, দ্রব্যমূল্য কমানো, কমিউনিটি স্বাস্থ্যসেবার কথা তুলে ধরে বলেন, বিরোধী দল এলে সব বন্ধ করে দেবে। তিনি বলেন, ‘জনগণের কল্যাণে আমরা যেসব কাজ করেছি, উনি এলে তা সব বন্ধ করে দেবেন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর সরকার দেশ থেকে দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস দূর করেছে। বিএনপি ক্ষমতায় এলে আবার সেগুলো শুরু হবে বলে তিনি মন্তব্য করেন। শেখ হাসিনা অসমাপ্ত কাজ শেষ করার জন্য উপস্থিত জনতার উদ্দেশে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আমাদের জয়যুক্ত করুন।’ উপস্থিত জনতাকে হাত তুলে ওয়াদা করার জন্য তিনি আহ্বান জানান। জনতা হাত তুলে ওয়াদা করেন।
ক্ষমতায় এলে জামালপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
বক্তব্যের শেষ পর্যায়ে দেওয়ানগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীবের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেন। তিনি বলেন, দেওয়ানগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনসভা সফল করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। কিন্তু জনসভার দিন তিনি হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে একটি পরিবার হিসেবে উল্লেখ করে সাংগঠনিক সম্পাদকের মৃত্যুতে শোক প্রকাশ করেন।