
ময়মনসিংহের গৌরীপুরে শিশু সাগরকে পানির পাম্প চুরির সন্দেহে পিটিয়ে হত্যা করার ঘটনায় আমরা হতবাক। আমাদের দেশের মাটিতেই এই ঘৃণ্য, নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে একাধিক ব্যক্তির চোখের সামনে। ভাবতেও গা শিউরে ওঠে। লজ্জায়-ঘৃণায় কুঁকড়ে উঠতে হয়।
সাগরকে হঠাৎ করে গলা কেটে অথবা গুলিতে তার বুক ঝাঁজরা করে হত্যা করা হয়নি। উড়িয়ে দেওয়া হয়নি মাথার খুলি। দীর্ঘ সময় ধরে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। খবরে জেনেছি, টিভি চ্যানেলে দেখেছি, সাগরকে যখন লাঠি দিয়ে আঘাতের পর আঘাত করা হচ্ছে, আশপাশে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছেন, কেউ কেউ ভিডিও করছেন অথবা ছবি তুলছেন। কিছু নারীকেও দেখা গেছে এই হত্যাকাণ্ড অবলোকন করতে। তাঁদের মধ্যে একজন প্রথম আলোকে বলেছেন, তিনি সাগরকে আর না মারতে অনুরোধ জানালে অন্যতম হত্যাকারী কাইয়ুম বলেন, ‘টাকা দিয়ে কাইয়ুম তার অপরাধ মোচন করে নেবে।’ অন্যদের বক্তব্য, ভয়ে তাঁরা কিছু বলেননি।
অপরাধীরা এই অপরাধ কীভাবে দিনদুপুরে জনসমক্ষে সংঘটিত করতে পারল, সে প্রশ্ন আজ আর তুলি না। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। ছোট শিশু রাজনকে আমরা এখনো ভুলে যাইনি, এখনো তার কাছ ক্ষমাপ্রার্থী হয়ে রয়েছি আমরা। বিশ্বজিতের হত্যাকারীদের বিচার হয়েছে, তবে তা নিয়ে আমরা সন্তুষ্ট, সে কথা বলব না। বিচার নিয়ে কথা বলতে প্রকৃতপক্ষে ক্লান্তি বোধ করি। কিন্তু বাংলাদেশের মানুষ, যারা নিজের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মূল্যবোধ নিয়ে এত অহংকার ধারণ করি, সেই মানুষগুলো একটি শিশুকে কিছু ঘৃণ্য অমানবিক দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করতে পারলাম না?
যাঁরা দুর্বৃত্তের দাপটে ভীতসন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হত্যাকাণ্ড দেখলেন, তাঁদের কেউ দৌড়ে গিয়ে পুলিশে খবর দিতে পারলেন না? ওই এলাকায় একজনও সাহসী বা বিবেকবান মানুষ নেই, যাকে ডেকে আনা যেত? সাগরের মাকে খবর দিলে নিশ্চয়ই তিনি পাষণ্ড কাইয়ুমের হুমকি উপেক্ষা করে বুক দিয়ে তাঁর সন্তানকে রক্ষার চেষ্টা করতেন।
কারও বিবেক বা হৃদয়ে সেই পরিমাণ ধাক্কা লাগল না যে যেমন করেই হোক শিশুটার জীবন রক্ষা করি? এ কোন বাংলাদেশে বাস করি আমরা, এ কেমন মানুষের বসবাস এ দেশে? পত্রিকার খবরে প্রকাশ, একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, অন্যদের খুঁজছে। কাইয়ুম নামের দুর্বৃত্ত তো বলেইছে যে পুলিশকে সে টাকা দিয়ে কিনে নেবে।
দেখি, পুলিশ এ বক্তব্যেরে প্রতি কী প্রতিক্রিয়া দেখায়। কাইয়ুমের উক্তি সত্য প্রমাণিত হয়, না মিথ্যা! অন্যদের পুলিশ খুঁজছে, এ চিরন্তন কাহিনি। কত দিনে তাদের খুঁজে পাওয়া যায়, সেটাও লক্ষণীয়। আগেই বলেছি, তীব্র ঘৃণায় শরীর কুঁকড়ে আসছে আমার। সাগর নামের শিশুটি আমাদের সামনে আবার এই প্রশ্নটি তুলে ধরল, আমরা কি মানুষের দেশে বসবাস করি?
সুলতানা কামাল: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।