আমাদের কারও কারও নৈতিক অবক্ষয় ও স্খলন হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বলেছেন, ‘আমাদের কারও কারও নৈতিক অবক্ষয় ও স্খলন হয়েছে, তবে এ সংখ্যা খুব বেশি নয়। আমরা সততা নিয়ে কাজ করছি, চেষ্টা করছি গুটিকয়েক মানুষের জন্য যেন আমরা কলঙ্কিত না হই। কথায় কাজ না হলে তাঁদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।’গতকাল শুক্রবার সকালে র‌্যাবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তরায় র‌্যাবের সদর দপ্তরে বিশেষ দরবারে মহাপরিচালক এসব কথা বলেন। এর আগে তিনি সদর দপ্তরে পতাকা উত্তোলন ও বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের কার্যক্রম শুরু করেন। দরবারে র‌্যাবের সদস্যদের সতর্ক করে দিয়ে মহাপরিচালক বলেন, তাঁরা নিষ্ঠা, সততা ও দেশপ্রেম বুকে নিয়ে আদর্শ রক্ষায় কাজ করে চলেছেন। কোনো সদস্যের জন্য এই আদর্শ ভূলুণ্ঠিত হলে, তাঁর বা তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘ছয় বছরে আমাদের সাফল্য অনেক।’দরবারে অতিরিক্ত মহাপরিচালক (পরিচালনা) কর্নেল এস এম মতিউর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) কর্নেল এ এফ এম জাহাঙ্গীর আলম, সদর দপ্তরের সব কর্মকর্তা ছাড়াও ঢাকা মহানগরের পাঁচটি ব্যাটালিয়নের কমান্ডাররা উপস্থিত ছিলেন।এরপর র‌্যাবের ব্যাটালিয়ন-গুলোতে অধিনায়কদের বিশেষ দরবার হয়। বাদ জুমা নিজস্ব মসজিদে বাহিনীর সমৃদ্ধি কামনা ও কর্তব্য পালনকালে নিহত র‌্যাবের সদস্যদের স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।