আমাদের কি দেখার কেউ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যা-পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনার পানি কমতে শুরু করলেও গত মঙ্গলবারও বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে দেওয়ানগঞ্জ পৌরসভার আংশিক এবং সাতটি ইউনিয়নের লক্ষাধিক বন্যার্ত মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। উপজেলার কোথাও সরকারিভাবে বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়নি। বন্যার্তদের মধ্যে খাবার ও অন্যান্য সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বন্যায় অনেক মানুষ উদ্বাস্তুর মতো যেখানে-সেখানে আশ্রয় নিলেও সরকারিভাবে বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়নি। তবে বন্যার্তদের অনুরোধে দেওয়ানগঞ্জ আবদুল খালেক মেমোরিয়াল কলেজ, রেলওয়ে উচ্চবিদ্যালয় এবং চুকাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ বন্যার্ত মানুষদের আশ্রয় দিয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে অন্তত দেড় হাজার পরিবার উঠেছে। এ ছাড়া উপজেলার খাদ্যগুদাম সড়কে চার শতাধিক বন্যার্ত পরিবার, গরু-বাছুর ও আসবাব নিয়ে আশ্রয় নিয়েছে। কিন্তু তাদের জন্য সরকারিভাবে খাবার বা অন্যান্য ত্রাণসুবিধা দেওয়া হচ্ছে না বলে আশ্রিতরা অভিযোগ করেন। আশ্রয়কেন্দ্রগুলোতে কোনো শিশুখাদ্যও দেওয়া হচ্ছে না। কলেজের আশ্রয়কেন্দ্রে স্থানীয় ডালবাড়ির কৃষিশ্রমিক জামাল হোসেনের অসুস্থ স্ত্রী নূর জাহানকে (৪৫) স্যালাইন দেওয়া হচ্ছে। তিনি বললেন, ‘এইখানে চাইর দিন ধইরা আইছি। কাইলকা (সোমবার) বিকেলে আর রাইতে ছাত্ররা খিচুড়ি দিছে। আর তো দিল না। হাসপাতালো নিলেও টেকা নাগে। তাই স্যালাইন কিনা এইখানেই রাখছি। আমগরে কোন খাবার দিতাছে না।’ বাদে শশারিয়াবাড়ী রাস্তায় আশ্রিত রেলওয়ের অবসরপ্রাপ্ত মেকানিক্যাল মিস্ত্রি আহমঞ্চদ আলী বলেন, ‘আইজ প্রায় ছয়টা দিন ধইরা আমরা ৪০০ পরিবার রাস্তায় থাকতাছি। আমাদের জন্য সরকারি কোনো সাহায্য দেওয়া হচ্ছে না। সোমবার পৌরসভা থেইকা মাত্র ১০-১২টি পরিবারকে চাইল দিছে। সবাই পাই নাই। আমাদের কি দেখার কেউ নাই?’ দেওয়ানগঞ্জ আবদুল খালেক মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মো. সুরুজ্জামান তালুকদার জানান, এ কলেজে আশ্রিতরা খাদ্য ও চিকিৎসার অভাবে দুর্ভোগে রয়েছে। এখানে প্রশাসন থেকে একদিন ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। কলেজ ছাত্র সংসদের ছাত্রনেতারা এক দিনে এই তিনটি আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন স্থানে পাঁচ মণ চালের খিচুড়ি বিতরণ করেছেন। এখানে রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে দ্রুত ত্রাণসামগ্রী পাঠানো দরকার। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে দেওয়ানগঞ্জ পৌরসভার আংশিক এবং সাতটি ইউনিয়নের বন্যার্তদের জন্য নগদ ২৫ মেট্রিক টন চাল এবং এক লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছি। আরও ত্রাণ চাওয়া হয়েছে। বন্যার্তদের সংখ্যানুপাতে এ ত্রাণ খুবই সামান্য।’