দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. সাহাবুদ্দিনের বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, ‘আমাদের কোনো মুখোশ নেই। পরিচয় একটাই—আমরা টিআইবি।’
রাজধানীর মহাখালীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার টিআইবির এক গবেষণা প্রতিবেদন প্রকাশের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান এ কথা বলেন।
গত বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে দুদক আয়োজিত এক অনুষ্ঠানে মো. সাহাবুদ্দিন বলেন, টিআইবি বিদেশ থেকে আনা টাকা গবেষণায় কতটা ব্যয় করছে, তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে। সময় হলে এ বিষয়ে টিআইবির মুখোশ উন্মোচন করা হবে।
গতকাল এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘টিআইবি নিয়ে একজন কমিশনার যেভাবে বলেছেন তাতে আমি বলব, আমরা বিব্রত, হতবাক হয়েছি। উনি যে ভাষা ও বডি ল্যাংগুয়েজ (দেহভাষা) দেখিয়েছেন, তাতে তিনি নিজেকেই বিব্রত করেছেন।’
‘সময় হলে’ মুখোশ উন্মোচন করা হবে, দুদক কমিশনারের এ বক্তব্য প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, ‘সময় হলে কেন? আজকেই মুখোশ উন্মোচন করুন। অনুসন্ধান করুন, তদন্তে আমরাও সাহায্য করব। আর যদি সমালোচনার কারণে, হেনস্তা করার জন্য এমন হয়, তবে বলব আরেকবার ভেবে দেখুন।’
ইফতেখারুজ্জামান বলেন, ‘দুদক প্রতিষ্ঠার পেছনে টিআইবিরও ভূমিকা আছে। দুদক প্রতিষ্ঠার দাবি আমরাই করেছিলাম। এর মূল খসড়াও আমরা করে দিয়েছিলাম। আমরা চাই প্রতিষ্ঠানটি আরও কার্যকর হোক।’
টিআইবির বিদেশি টাকা ব্যবহারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কমিশনার সাহাবুদ্দিন৷ এর জবাবে ইফতেখারুজ্জামান বলেন, ‘টিআইবি বিদেশি অর্থায়নে চলে, এটা আমরা আগেও বলেছি। তবে সরকারের সম্মতি ছাড়া টিআইবি একটি টাকাও গ্রহণ করে না, খরচও করে না, করতে পারে না। সরকারের কাছে আমরা জবাবদিহি করি।’
ইফতেখারুজ্জামানের এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কমিশনার মো. সাহাবুদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘টিআইবির গঠনমূলক সমালোচনাকে দুদক সব সময় স্বাগত জানায়৷ কিন্তু তাদের উদ্দেশ্যমূলক সমালোচনার প্রতিবাদ করার অধিকার আমাদের আছে৷ সেই প্রতিবাদই সেদিন করেিছ৷ একই সঙ্গে বলব, টিআইবি কোন তথ্য-উপাত্তের ভিত্তিতে দুদককে অদক্ষ বলেছে এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবের কথা বলেছে সেটা জানার অধিকার আমাদের আছে৷’
কমিশনার সাহাবুদ্দিন আরও বলেন, দুদককে এভাবে অকার্যকর বলায় সমাজে নেতিবাচক প্রভাব পড়ে এবং প্রকারান্তরে দুর্নীতিবাজেরা উৎসাহিত হয়৷