আমাদের চলে যেতে হবে নতুনেরা দেশকে এগিয়ে নেবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মুক্তির সংগ্রামে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁরা একে একে চলে যাচ্ছেন। নতুন যাঁরা আছেন, তাঁরা এঁদের অনুসরণ করে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেবেন।’ তিনি বলেন, ‘সময় হলে আমাদের চলে যেতে হবে। দেশটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নতুনদের নিতে হবে।’

সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গতকাল রোববার জাতীয় সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তাঁর বক্তব্যের পর সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গৃহীত হয়। এরপর রেওয়াজ অনুযায়ী সংসদের অধিবেশন মুলতবি করা হয়।

আলোচনায় শেখ হাসিনা বলেন, মানুষ চলে যায়। কিন্তু তাঁর কীর্তি ও কথা থেকে যায়। সুরঞ্জিত সেনগুপ্ত সে রকমই একজন। অনেক কঠিন কথাকে হাস্যরস দিয়ে সহজ করে তুলে ধরা, মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা তাঁর মধ্যে ছিল। গত বৃহস্পতিবার এই সংসদে তিনি শেষ বক্তৃতা দিয়ে যান। তাঁর সে কথাগুলোও মনে থেকে যাবে সবার। সুরঞ্জিত সেনগুপ্ত রাজনীতি ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘এই সংসদে যাঁরা সংসদ সদস্য নির্বাচিত হয়ে এসেছিলেন, একে একে তাঁদের হারাতে হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, এরশাদ সরকারের সময়ে সেনাবাহিনী তাঁর বাড়িতে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। সেই সময় তাঁর ৯-১০ বছরের ছেলে ভয়ে চিৎকার দিয়ে উঠেছিল। হারিয়ে ফেলেছিল মানসিক ভারসাম্য। পরে কানাডায় নিয়ে দীর্ঘ চিকিৎসার পর কিছুটা স্বাভাবিক হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা স্মরণ করে তিনি বলেন, ‘২১ আগস্টের ঘটনায় স্প্লিন্টারের আঘাতে আমাদের অনেকেই আহত হয়েছে। আহতদের মধ্যে সুরঞ্জিত সেনগুপ্তও ছিলেন।’

সংবিধান প্রণয়নের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রথম সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। ওই সময় অনেক কথাবার্তা-তর্কবিতর্ক হতো। তখনকার সময়ে কথা বলার কেউ ছিলেন না। বলতে গেলে সুরঞ্জিত সেনগুপ্ত একাই এক শ ছিলেন। এ জন্য বঙ্গবন্ধু তাঁকে উৎসাহিত করতেন। বেশি বেশি কথা বলার সুযোগ দিতেন। এভাবে বলতে দিয়ে বঙ্গবন্ধু তাঁকে সৃষ্টি করেছিলেন।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, ‘আমরা বেঁচে থাকতে মূল্যায়ন করি না। মারা গেলে করি। সুরঞ্জিত সেনগুপ্ত সংসদে উজ্জ্বল নক্ষত্রের মতো বসতেন।’

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘১৯৮৬ সালের সংসদে সুরঞ্জিত সেনগুপ্তের একটি বক্তৃতা শুনে আমি নবাগত হিসেবে তাঁর প্রতি আকৃষ্ট হয়েছিলাম। এরপর প্রায়ই তাঁর কাছে ছুটে যেতাম কীভাবে সংসদে ভালো বক্তৃতা দেওয়া যায়।’

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, মঞ্চে ও সংসদে সুরঞ্জিত সেনগুপ্তের মতো বাগ্মী বিরল। তিনি ছিলেন জগন্নাথ হলের অপরিহার্য নাট্যাভিনেতা। তাঁর অনেক গুণের মধ্যে এটি অপ্রকাশিত ছিল। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সংসদে ও সংসদের বাইরে সুরঞ্জিত ছিলেন সংবিধান ও গণতন্ত্রের রক্ষাকর্তা।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁকে ‘কেমন আছেন’ জানতে চাইলে তিনি শরীরের কথা বাদ দিয়ে রাজনীতি নিয়ে কথা বলতেন।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, সংসদে দেওয়া বক্তৃতা শুনলে বোঝা যায় সুরঞ্জিত সেনগুপ্ত কত বড় পার্লামেন্টারিয়ান ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সুরঞ্জিত ট্র্যাজিক হিরো। তাঁকে সরকারি দলে মানাত না। তাঁকে বিরোধী দলেই বেশি মানাত।

শোক প্রস্তাবের ওপর আরও আলোচনা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চিফ হুইপ আ স ম ফিরোজ, রেলমন্ত্রী মুজিবুল হক, শওকত আলী, মহীউদ্দীন খান আলমগীর, আব্দুর রাজ্জাক, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান, আবদুল মতিন খসরু, আবদুস শহীদ, জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা, জিয়া উদ্দিন আহমেদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাসদের মইন উদ্দীন খান বাদল এবং স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী।