‘বাংলাদেশ বিশ্বের মানচিত্রে এক অপার সম্ভাবনাময় দেশ। আমাদের রয়েছে উর্বর ভূমি, সমৃদ্ধ জনপদ এবং বিপুল জনশক্তি। আমাদের এই বিশাল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করে আমরা দেশের অগ্রযাত্রাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারি। এ জন্য প্রয়োজন বিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষার বিস্তার।’ তিনি বলেন, দেশের প্রতিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে প্রযুক্তিগত ও দক্ষ মানব সৃষ্টির ল্যাবরেটরি।ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতি ও আচার্য জিল্লুর রহমান গতকাল সোমবার এসব কথা বলেন। বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে সমাবর্তনের উদ্বোধন করেন।রাষ্ট্রপতি বলেন, ‘ডিগ্রি বা সনদই সবচেয়ে বড় কথা নয়, আমাদের প্রয়োজন যুগোপযোগী শিক্ষা নেওয়া, যা আমাদের অর্জন করতে হবে। এ লক্ষ্য অর্জনে পাঠদানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্রকে আরও জোরদার ও নিবিড় করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।’সমাবর্তনে সনদ পাওয়া প্রকৌশলীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘কর্মজীবনে তোমরা দেশমাতৃকার কথা কখনো ভুলবে না। অসত্য ও অন্যায়ের কাছে মাথা নত করবে না। সত্য ও সুন্দরই হবে তোমাদের চলার পাথেয়।’সমাবর্তনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, ‘বর্তমান সরকার একটি উন্নত ও সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছে, তা বাস্তবায়নের জন্য প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশা করব, আজকের প্রকৌশলীরা তাদের মেধা, জ্ঞান ও দক্ষতার বাস্তব প্রয়োগের মাধ্যমে এ লক্ষ্য পূরণে সহায়তা করবে।’ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে প্রতিদিনই নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবন হচ্ছে। কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ই সময়মতো এ ব্যাপারে পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীদের পেশাজীবনে প্রবেশের পর সমস্যার সম্মুখীন হতে হয়। এ জন্য কীভাবে এটাকে ক্রমাগত হালনাগাত করতে হবে, তা শেখার ক্ষমতাও অর্জন করতে হবে।উপাচার্য এম সবদার আলী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘দেশবাসী তোমাদের শিক্ষার বিপুল ব্যয়ভার বহন করেছে। তাই দেশবাসীর স্বার্থকেই প্রাধান্য দেবে।’সমাবর্তনে দুই হাজার ৮৭ জন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীকে সনদ দেওয়া হয়। এ ছাড়া ভালো ফলাফলের জন্য ২০ জনকে বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক ও চারজনকে মোয়াজ্জেম হোসেন (বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র) স্বর্ণপদক দেওয়া হয়।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল ও জাহিদ আহসান রাসেল, বিশ্ববিদ্যালয়ের তড়িেকৗশল অনুষদের ডিন মো. বশির উদ্দিন, পুরকৌশল অনুষদের ডিন আবদুর রশিদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন দেওয়ান মুহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।