আমাদের প্রতিদ্বন্দ্বীরা টিআইবিকে অর্থ দেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বীরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশকে (টিআইবি) দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবেদন লেখায় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। টিআইবির নাম উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘যারা বিনা কারণে আমাদের সুনাম নষ্ট করে, তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত।’
বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘টিআইবিকে অর্থ দিয়ে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী তারা লেখায়। আমাদের রপ্তানির যাতে ক্ষতি হয়। এতে লাভবান হবে ভিয়েতনাম, ইথিওপিয়া, কেনিয়া—এসব দেশ। বাংলাদেশের কোনো ভালো কাজ টিআইবি দেখে না। বরং গবেষণার নামে বাংলাদেশের অর্জনকে ম্লান করে।’
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত চার দিনের প্রদর্শনী গ্যাপেক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। গতকাল শনিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে এ অনুষ্ঠান হয়।
পোশাক খাতের ক্ষতির উদ্দেশ্যে টিআইবি অসত্য ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, সম্ভাবনাময় পোশাকশিল্প দ্রুতগতিতে এগোচ্ছে। রানা প্লাজা দুর্ঘটনার পর এ খাত যে ভাবমূর্তির সংকটে পড়েছিল, বর্তমান সরকার এবং পোশাকশিল্পের মালিকদের প্রচেষ্টায় বাংলাদেশ সেই সংকট কাটিয়ে উঠেছে।
মন্ত্রী বলেন, ক্রেতাদের সংগঠন অ্যাকর্ড ও অ্যালায়েন্স নিয়মিতভাবে পোশাক কারখানাগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে। বিদেশি রাষ্ট্রদূতেরাও কারখানাগুলো পরিদর্শন করে কমপ্লায়েন্স দেখে সন্তুষ্ট। যখন বাংলাদেশের প্রতি ক্রেতারা আস্থা ফিরে পেয়েছে, ঠিক সে সময় টিআইবির এ ধরনের অপপ্রচার।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার টিআইবি একটি গবেষণার তথ্য প্রকাশ করেছে। সেখানে পোশাক খাতে ১৬ ধরনের দুর্নীতি ও অনিয়ম হয় বলে উল্লেখ করা হয়।