বিএনপি ক্ষমতার জন্য ভারতপ্রীতি আর ক্ষমতা থেকে চলে গেলে ভারতভীতি দেখায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমাদের ভারতপ্রীতিও নেই, ভারতভীতিও নেই। ভারত আমাদের দুঃসময়ের বন্ধু, বাংলাদেশের স্বার্থে এ বন্ধুত্ব থাকবে। দেশের জনগণ না চাইলে এ বন্ধুত্ব থাকবে না।’
গতকাল রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এক শ্রমিক সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি হলে তা জাতীয় স্বার্থেই হবে। জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে শেখ হাসিনা কোনো দিন কারও সঙ্গে চুক্তি করবেন না। তিনি বলেন, শেখ হাসিনা এখনো ভারতে যাননি। তিনি যাবেন এপ্রিলে, আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা হয়নি। এর আগেই বিএনপি গোপন চুক্তির গন্ধ পাওয়ার ভাঙা রেকর্ড বাজানো শুরু করেছে। তিনি বলেন, সবাই জানে বিএনপি ওপরে ওপরে বলছে শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবে না, কিন্তু তলে-তলে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিএনপি পানি ঘোলা করে শেষ পর্যন্ত নির্বাচনে আসবে।
ভুঁইফোড় সংগঠনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতির নামে যেসব দোকান রয়েছে, তা বন্ধ করা দরকার। রাস্তায় দেখলাম আওয়ামী প্রচার লীগ, প্রজন্ম লীগ, তরুণ লীগ। আর ওলামা লীগ যে কয়টা, সেটাও জানি না। রাজনীতির নামে এসব দোকানের স্বীকৃতি আমরা দেব না।’
নেতা-কর্মীদের উদ্দেশে কাদের বলেন, ‘যারা বঙ্গবন্ধু, শেখ হাসিনা, জয় এবং আমাদের দলের নেতাদের ছবি ব্যবহার করে ব্যানার পোস্টার বানায়, তাদের আপনারা প্রতিরোধ করুন। তাদের কোনো আদর্শ নেই। তাদের লক্ষ্য হচ্ছে টেলিভিশনে ছবি তোলা আর চাঁদাবাজি করা।’