আমাদের মানবিক সমাজও দরকার: সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘মুছা তাঁর চোখ ও দেহ দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। এত সুখী মানুষ পৃথিবীতে কম আছে। আমরা অনেক এগিয়েছি। পাশাপাশি আমাদের মানবিক সমাজও দরকার।’

গতকাল সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ‘বাংলাদেশের বজরঙ্গি ভাইজান’খ্যাত জামাল ইবনে মুছার মরণোত্তর চক্ষুদান ও দেহদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

দিল্লি থেকে পাচার হয়ে আসা ভারতীয় শিশু সনুকে ছয় বছর পর গত ৩০ জুন তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেন বরগুনার জামাল ইবনে মুছা। এ নিয়ে ৩০ মে প্রথম আলোয় ‘বাংলাদেশের বজরঙ্গি ভাইজান’ শিরোনামে খবর ছাপা হয়।

অনুষ্ঠানে জামাল ইবনে মুছা বলেন, ‘মারা যাওয়ার পর দেহের কোনো মূল্য নেই। মানবকল্যাণে এগুলো দান করে গেলে দেশের মানুষের উপকার হবে।’

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়–বিষয়ক সংসদীয় কমিটির সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ইকবাল আর্সলান, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি এ কে এম মালেক প্রমুখ বক্তব্য দেন।