আমাদের লাল কার্ড দেখানো অত সহজ নয়: শ্রমমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘পৌরসভা নির্বাচনে জিতে কেউ কেউ লাল কার্ড দেখাতে চান। কিন্তু আমাদের লাল কার্ড দেখানো অত সহজ নয়। পৌরসভায় আমরাও খারাপ করিনি। বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী।’গতকাল শুক্রবার সকালে ফরিদপুর শহরতলির গোবিন্দপুর গ্রামে ‘পল্লিকবি জসীমউদ্দীন সংগ্রহশালা’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ফরিদপুর পৌরসভায় মেয়র পদে নির্দলীয় প্রার্থীর বিজয়ী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী জেতায় ভালো হয়েছে। পাশাপাশি বিএনপি-সমর্থিত প্রার্থী জিততে না পারার দিকে ইঙ্গিত করে শ্রমমন্ত্রী বলেন, গম লুটের জবাব দেওয়া হয়েছে।পল্লিকবি জসীমউদ্দীন সংগ্রহশালার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি বলেন, এ সংগ্রহশালা নির্মিত হওয়ার পর পল্লিকবির বিশাল রচনা নিয়ে গবেষণা করার পথ সুগম হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। এ ছাড়া সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুরাইয়া বেগম, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বেগম সালেহা মোশাররফ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস ও কবির ছেলে জামাল আনোয়ার অনুষ্ঠানে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রযত্ন বোর্ডের সভাপতি এম আজিজুর রহমান।ফরিদপুর সদরের অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামে কবির পৈতৃক বাড়িসংলগ্ন চার একর জমির ওপর পল্লিকবি জসীমউদ্দীন সংগ্রহশালা নির্মাণ করা হবে। জাতীয় জাদুঘরের উদ্যোগে গণপূর্ত বিভাগ এটি নির্মাণ করবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে আট কোটি টাকা। সংগ্রহশালার নির্মাণকাজ আগামী ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা।