কবিতা, ছবি ও গান—এ তিন ক্ষেত্রে কাইয়ুম চৌধুরী তাঁর যতটুকু দেওয়ার দিয়েছেন। আমাদের সংস্কৃতির সব ক্ষেত্রেই কাইয়ুম চৌধুরী একটি স্মরণীয় নাম। তাঁর চলে যাওয়ায় যে ক্ষতি হয়েছে, তা পূরণ করা যাবে না।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের শহীদ মিনার চত্বরে বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন।
সভার আয়োজন করেছে শিল্পী কাইয়ুম চৌধুরী নাগরিক শোকসভা পরিষদ চট্টগ্রাম।
আবৃত্তি সমন্বয় পরিষদের সহসভাপতি রণজিৎ রক্ষিতের উচ্চারণে শিল্পীর লেখা কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় শোকসভা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিল্পী অধ্যাপক আবুল মনসুর, কবি ও সাংবাদিক আবুল মোমেন, চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য এবং শোকসভা পরিষদের সদস্যসচিব ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি ও ছড়াকার রাশেদ রউফ, চারুকলা কলেজের শিক্ষক সৌমেন দাশ, নাগরিক শোকসভা পরিষদের প্রধান সমন্বয়কারী অভিজিৎ কুমার দে, ওয়ার্ড কাউন্সিলর বিজয় কৃষাণ চৌধুরী প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন নাগরিক শোকসভা পরিষদের সভাপতি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন।
অনুপম সেন বলেন, কবিতা, ছবি ও গান—এ তিনটি ক্ষেত্রে কাইয়ুম চৌধুরী তাঁর যতটুকু দেওয়ার দিয়েছেন। আমাদের সংস্কৃতির সব ক্ষেত্রেই কাইয়ুম চৌধুরী একটি স্বরণীয় নাম। উত্তরকালে যাঁরা ইতিহাস নির্মাণ করবেন তাতে তাঁর নাম লেখা থাকবে এসব ক্ষেত্রে তাঁর অবদানের জন্য।
কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে নাটকীয়তা ও আকস্মিকতা দুটিই ছিল। নাটকীয়তা আমাদের বিমোহিত করে, আকস্মিকতা বিমর্ষ করে। তিনি ছিলেন নিরহংকার মানুষ, ইতিহাসের মানুষ, সমাজের মানুষ, শিল্পের মানুষ। সেই মানুষটার অভাব আমরা প্রচণ্ডভাবে অনুভব করি। তিনি আমাদের গরিব করে দিয়ে গেছেন।’
শোকসভা পরিষদের সদস্যসচিব ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, জলরং এবং প্রচ্ছদে বিশ্বব্যাপী অভিনবত্ব তৈরি করেছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। এ দেশের মানুষ তাঁকে চিরদিন স্মরণে রাখবেন।
শিল্পী অধ্যাপক আবুল মনসুর বলেন, ‘যত দিন ধরে কাইয়ুম চৌধুরীকে দেখেছি তিনি ছিলেন একজন নিরহংকার মানুষ। তাঁর ছবি ও প্রচ্ছদে বাংলাদেশ প্রতিভাত হয়ে ওঠে। তিনি বাংলাদেশের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। তাঁর চলে যাওয়ায় যে ক্ষতি হয়েছে তা পূরণ করা যাবে না।’
চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি রাশেদ রউফ বলেন, কাইয়ুম চৌধুরীর লেখায়, রেখায় দেশ যেভাবে ফুটে উঠেছে তার জন্য তিনি সবার অন্তরে চিরজাগুরুক হয়ে থাকবেন।
সভাপতির বক্তব্যে অনুপম সেন বলেন, বাঙালি জাতীয়তাবাদের সচচেয়ে বড় ভিত্তি হলো বাঙালি সংস্কৃতি। পঞ্চাষের দশকে এ ক্ষেত্রে বন্ধ্যাত্ব তৈরি হয়। এ বন্ধ্যাত্ব ঘুচিয়ে একে আবার সংস্কৃতিমুখী করে তোলেন জয়নুল আবেদিন, কামরুল হাসান ও কাইয়ুম চৌধুরীর মতো শিল্পীরা।