অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি দেখতে পেয়ে কক্সবাজারের শিক্ষার্থীদের উচ্ছ্বাস যেন আকাশছোঁয়া। গতকাল সোমবার দুপুরে কক্সবাজার শহরের পিটিআই-সংলগ্ন পরীক্ষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হয় এই ট্রফি।
চোখের সামনে বিশ্বকাপ ট্রফি থাকার পরও যেন বিশ্বাসই হচ্ছিল না বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র খুরশেদের। তার কথা, ‘বিশ্বকাপ ট্রফি আমাদের স্কুলে!’ চতুর্থ শ্রেণির ছাত্রী মায়মুনা বলে, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হব।’
বিশ্বকাপ ট্রফির আগমন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন পিটিআই সুপারিনটেনডেন্ট কামরুন্নাহার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অরূপ বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট কোচ মোমিনুল হক, আইসিসি প্রতিনিধি বায়োজিদ হোসেন, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন, পিটিআইয়ের সহকারী সুপারিনটেনডেন্ট স্বপন কুমার দে, শিক্ষক মো. নুরুল আলম প্রমুখ।
পরে খুদে শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট নিয়ে কুইজ পরিচালনা করেন সাবেক খেলোয়াড় যুবরাজ শিপলু। কুইজের সঠিক উত্তর দেওয়া ২০ শিক্ষার্থীকে ক্রিকেট ব্যাট পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে পিটিআই সুপারিনটেনডেন্ট কামরুন্নাহার বলেন, ‘শিক্ষার্থীরা ট্রফি দেখে মহা খুশি। ক্রিকেট খেলায় খুদে শিক্ষার্থীরা উৎসাহিত হচ্ছে।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ২৯ জানুয়ারি থেকে কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ১১টি দেশের খেলোয়াড়দের নিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। পুলিশ নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে। মঙ্গলবার (আজ) বিদেশি খেলোয়াড়েরা কক্সবাজারে পৌঁছাবেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অরূপ বড়ুয়া বলেন, আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৭টি ম্যাচ হবে কক্সবাজারে।